২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সঙ্গে পুলিশকেও উন্নত করতে চাই: আইজিপি

দেশের উন্নয়নের সঙ্গে পুলিশ বাহিনীকেও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2021, 03:52 PM

Updated : 02 Aug 2022, 06:17 PM

বুধবার পুলিশ সদরদপ্তরে ‘পুলিশ নিউজ’ (news.police.gov.bd) পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “২০৪১ সালে যদি বাংলাদেশ ধনী রাষ্ট্র হব বলে টার্গেট করি। তাহলে পুলিশ বাহিনীকে ধনী রাষ্ট্রের উপযোগী একটা পুলিশ বাহিনীতে রূপান্তর করতে হবে এবং এই প্রক্রিয়াটা হতে হবে সমান্তরাল, একই সঙ্গে।

“সেজন্য ইতোমধ্যে ২০ বছরের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের পর্যায়ক্রমে উন্নতির সঙ্গে সঙ্গে পুলিশকেও ধাপে ধাপে উন্নত করতে চাই।”

প্রযুক্তিগত উন্নতির দিকে নজর দেওয়া হয়েছে জানিয়ে আইজিপি বলেন, “দেশ টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং পুলিশকেও এডভান্স করতে হবে টেকনোলজির দিক থেকে। এ লক্ষ্যে অপারেশনাল কাজগুলোকে যতদূর সম্ভব 'হাইটেক' রূপান্তর করতে চাই। পাশাপাশি প্রাশাসনিক, অ্যাডমিনিসট্রেটিভ, লজিস্টিক অপারেটরগুলো কম্পিউটারাইজ করতে চাই, সফটওয়্যার নিয়ে আসতে চাই।”

তিনি জানান, অপারেশনাল কাজগুলোর একটা অংশ কম্পিউটারাইজড করা হয়েছে 'সিডিএমএস' পদ্ধতিতে। অন্যান্য অপারেশনাল কাজগুলোকে পর্যায়ক্রমে করার চেষ্টা করা হচ্ছে।

বেনজীর আহমেদ বলেন, “আমাদের দরকার এখন একটি কম্পিউটার লিটারেট পুলিশ বাহিনী, অর্থাৎ পুলিশ বাহিনীর সবাইকে জানতে হবে কম্পিউটার টেকনোলজি।”

প্রথমবারের মত, বিশেষ করে জুনিয়র পদে নিয়োগের পরীক্ষাতে কম্পিউটারের নিয়ে আসা চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে। পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে।