ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে বিমান প্রতিমন্ত্রী ও সচিবের শোক
পাইলট নওশাদ আতাউল কাইউমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি ও সচিব মো. মোকাম্মেল হোসেন।
সোমবার আলাদা শোক বার্তায় তারা নওশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিমান প্রতিমন্ত্রী শোকবার্তায় বলেন, “ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম ছিলেন একজন দক্ষ পাইলট। তিনি দায়িত্ব পালনকালে যাত্রীদের নিরাপত্তা ও জীবন রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতেন।
“কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছেন। তার মত একজন অভিজ্ঞ পাইলটের মৃত্যুতে বিমান দীর্ঘদিন শূন্যতা অনুভব করবে।”
বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন শোকবার্তায় বলেন, “ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মত দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। দক্ষতার জন্য আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি প্রশংসিত হয়েছেন। তার মত একজন দক্ষ ও অভিজ্ঞ পাইলটের মৃত্যু প্রতিষ্ঠানের জন্য অপূরণীয় ক্ষতি।”
মাস্কাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরার পথে গত শুক্রবার মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ।
ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর গত তিন দিন কিংস ওয়ে হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সোমবার সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
