বুদ্ধদেব গুহ এর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক বুদ্ধদেব গুহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার তার কার্যালয় থেকে জানানো হয়, প্রয়াত এ লেখকের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেব গুহ দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার রাতে সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এ বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব গুহ। ভাইরাস থেকে মুক্তি মিললেও নানা স্বাস্থ্য জটিলতায় শেষ বিদায় নিলেন মাধুকরী আর সবিনয় নিবেদনের মত উপন্যাসের লেখক বুদ্ধদেব গুহ।
