রাষ্ট্রপতির সঙ্গে ইন্দোনেশীয় রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোয়েমারনো।
শনিবার সন্ধ্যায় ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রেস সচিব বলেন, “সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
“তিনি বলেন, ২০১৮ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে।”
রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা করেন, সম্পর্ক উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।
স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া অন্যতম উল্লেখ করে তিনি বলেন, “আগামী বছর বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছরপূর্তি যৌথভাবে উদযাপিত হবে এবং এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।”
প্রেস সচিব জানান, ইন্দোনেশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত সোয়েমারনো বাংলাদেশে দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
