এবার ভারতীয় নারীর সন্তানের হেফাজত নিয়ে আদালতের আদেশ
জাপানি এক নারীর সন্তানের পর এবার ভারতীয় এক নারীর সাড়ে তিন বছরের সন্তানের হেফাজত নিয়ে আদেশ দিল বাংলাদেশের উচ্চ আদালত।
আদেশে বলা হয়েছে, শিশুটি আইনি সহায়তাকারী সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে আপাতত তার মায়ের সঙ্গে থাকবে শিশুটি। আর বাবা সপ্তাহে তিন দিন শিশুটির সঙ্গে সময় কাটাতে পারবেন।
এই তিন দিন সকাল ৯টায় বাবা শিশুটিকে নিয়ে আসবেন, সন্ধ্যায় আবার মায়ের কাছে পৌঁছে দেবেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দুই মাসের জন্য এ আদেশ দেয়।
কয়েকদিন আগেই জাপানি এক নারীর দুই সন্তান নিয়ে একই রকম আদেশ দিয়েছিল হাই কোর্ট। দুটি ক্ষেত্রেই শিশুদের মা বিদেশি, আর বাবা বাংলাদেশি।
বৃহস্পতিবারে মামলার মা হলেন ভারতীয় নাগরিক সাদিকা শেখ; বাবা বাংলাদেশি সামিউর নবী।
আদালত আদেশে শিশুটির মায়ের পাসপোর্ট গুলশান থানায় জমা দিতে বলেছে।
আদেশের আগে শিশুর মা-বাবার আইনজীবীদের উদ্দেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক ইনায়েতুর রহিম বলেন, “এখানে জেদাজেদির প্রশ্ন নয়। শিশুর সর্বোচ্চ কল্যাণ বিবেচনা করে বিষয়টি সমাধান করে ফেলুন। যৌথভাবে সুনির্দিষ্ট প্রস্তাব যদি দেন, তাহলে যে কোনো সময় আদেশ দেওয়া যাবে। আপনারা নিজেরা বসেন।”
২০১৭ সালে ৪ জুলাই ভারতের হায়দ্রাবাদে সেদেশের মেয়ে সাদিকা শেখের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী সামিউর নবীর বিয়ে হয়। বিয়ের পর তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাস শুরু করেন। পরে ব্যবসায়িক কারণে তারা ঢাকায় চলে আসেন।
২০১৮ সালে এই দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হলেও এক পর্যায়ে তাদের দাম্পত্য কলহ দেখা দেয়। বনিবনা না হওয়ায় গত ১১ অগাস্ট সাদিকা শেখকে বিচ্ছেদের নোটিস পাঠান সামিউর। তখন সাদিকা বারিধারায় সামিউরের বাড়িতেই ছিলেন।
বিচ্ছেদের নোটিস পাঠানোর পর সামিউর সন্তানকে নিজ হেফাজতে রাখতে পারিবারিক আদালতে মামলা করেন।
অন্যদিকে সাদিকা নির্যাতনের অভিযোগ তুলে সামিউর নবীর বিরুদ্ধে। সাদিকার স্বজনরা তখন মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) কাছে আইনি সহায়তা চান।
এর ধারাবাহিকতায় শিশু ও তার মাকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে হাই কোর্টে রিট আবেদন করা হয়।
ফ্লাডের পরিচালক কাজী মারুফুল আলম ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ওই আবেদন করেন।
তার প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ অগাস্ট হাই কোর্ট বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক সাদিকা শেখ ও তার শিশুসন্তানকে ২৬ আগস্ট আদালতে হাজির করতে গুলশান থানা-পুলিশকে নির্দেশ দেয়।
সে আদেশ অনুযায়ী শিশুসহ সাদেকা শেখ আদালতে হাজির হন। এরপর আদালত শিশুর মা-বাবার বক্তব্য শুনে আদেশ দেয়।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ফাওজিয়া করিম ফিরোজ। সঙ্গে ছিলেন ফাইজা মেহরীন। শিশুটির বাবার পক্ষে শুনানি করেন মাসুদ রেজা সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
মাসুদ রেজা সোবহান বিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের আদেশের পর এ বিষয়টির পরবর্তী অগ্রগতি হয়েছে। আবেদনকারী পক্ষ এবং মেয়েটি (সাদিকা শেখ) রাজি হয়েছে, তারা আগামী তিন দিন গুলশান ক্লাবে থাকবে। তিন দিন পর তারা সিদ্ধান্ত হবে, তারা এখানেই থাকবেন, নাকি অন্য কোথাও থাকবেন।”
এছাড়া ‘ছোটোখাটো একটা সমঝোতা’ হয়েছে জানালেও তার খুঁটিনাটি বলতে চাননি এই আইনজীবী।
