২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ: এনুর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুরান ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক নেতা এনামুল হক এনুসহ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 09:53 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

দুদকের আদালত কমকতা মো. জুলফিকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগপত্রের অন্য দুই আসামি হলেন গেণ্ডারিয়ার বাসিন্দা হারুনুর রশীদ এবং ওয়ারীর বাসিন্দা আবুল কালাম আজাদ। তাদের বিরুদ্ধে এনুকে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অভিযোগপত্র জমা দেন।

দুদক এর আগে জানিয়েছিল, এনুর বিরুদ্ধে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অনৈতিক কার্যক্রমের মাধ্যমে ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া এনুর দুই সহযোগী হারুনুর রশীদ ও আবুল কালাম আজাদ প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনে এনুকে সহযোগিতা করেছে বলে তদন্তে প্রমাণ মিলেছে।

এনুর বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর দুদক কর্মকর্তা মামুনুর রশীদই মামলাটি করেন।

এনুর ভাই রূপন ভূঁইয়ার বিরুদ্ধে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী ওই দিনই আরেকটি মামলা করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে গত বছরের ১৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ থেকে এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করে সিআইডি।

২০১৯ সালের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতার ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।

এর পর ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। ওই সময় ক্যাসিনো ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০টির বেশি মামলা করেছিল সংস্থাটি।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের তৎকালীন নেতা দুই ভাই, তাদের এক কর্মচারী এবং তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা, আট কেজি সোনা এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়, যেগুলো জুয়ার টাকায় তৈরি সম্পদ বলে ওই সময় র‌্যাব জানিয়েছিল।

এনু ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের একজন শেয়ারহোল্ডার ছিলেন। এছাড়া এনু গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তার ভাই রূপন ভূঁইয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পর দল থেকে তাদের বহিষ্কার করা হয়।

পুরনো খবর:

অবৈধ সম্পদ: এনু-রূপন দুই ভাইসহ অভিযোগপত্রে আসামি ৪