বন্ধের নির্দেশনা প্রত্যাহার: ফের চালু হচ্ছে প্রাভা হেলথ
আগের অনিয়মগুলো সংশোধন করায় চিকিৎসা সেবাদাতা প্রতিষ্ঠান প্রাভা হেলথ বন্ধের আগের নির্দেশনা তুলে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এরপর মঙ্গলবার থেকে পুনরায় কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
গত ২ অগাস্ট নানা অনিয়মের অভিযোগে প্রাভা হেলথের সব কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব অনিয়ম ও অবজেকশনের কারণে বন্ধ করা হয়েছিল সেগুলো সংশোধন করেছে প্রাভা হেলথ।
“আমরা পরিদর্শনের মাধ্যমে সেসব বিষয়ে নিশ্চিত হয়েছি। এ কারণে কার্যক্রম বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে।”
প্রাভা হেলথ কেয়ার স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রোগ নির্ণয়, ওষুধ, অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা দেয় প্রতিষ্ঠানটি।
দেশে মহামারী শুরুর পর করোনাভাইরাসের নমুনাও পরীক্ষা করে আসছিল প্রতিষ্ঠানটি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রাভা হেলথ সব সময় আন্তর্জাতিক ক্লিনিকাল মান এবং প্রোটোকল অনুসরণ করে আসছে।
“স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সর্বোচ্চ সহযোগিতা এবং ইস্যুকৃত সকল গাইডলাইন ও পলিসি অনুসরণ করতেও আমরা সব সময় সচেষ্ট ছিলাম। তাদের সক্রিয় নির্দেশনার জন্য আমরা কৃতজ্ঞ।”
এর আগে গত ২ অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. ফরিদের স্বাক্ষরে প্রাভা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি প্রাভা হেলথ পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়েছে যা অগ্রহণযোগ্য। এ অবস্থায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হল।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে অভিযোগ করা হয়েছে, করোনাভাইরাসের নমুনা কালেকশন বুথে পৃথক ডনিং এবং ডফিং রুম থাকার নিয়ম থাকলেও প্রাভা হেলথে একই কক্ষে দুটি কাজই চলছিল।
আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে বিএমডিসির নিবন্ধিত একজন চিকিৎসকের স্বাক্ষর প্রয়োজন, কিন্তু প্রাভা হেলথের দেওয়া কোনো প্রতিবেদনে তা ছিল না বলে অধিদপ্তর জানিয়েছে।
প্রত্যেক বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারি নির্ধারিত ফি সর্বোচ্চ ২৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও প্রাভা হেলথ নিবন্ধন ফির নামে অতিরিক্ত ১৫০ টাকা আদায় করছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হচ্ছে, প্রাভা হেলথ তাদের ওয়েবসাইটে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তাদের ‘পার্টনার’ বলে দাবি করছে। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টির ব্যাখ্যা চাইলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বরং ওই শব্দটি পরিবর্তন করে ‘আওয়ার করপোরেট ক্লায়েন্টস’ জুড়ে দিয়েছে।
২০১৮ সালে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দিয়ে আলোচনায় আসে প্রাভা হেলথ।
প্রাভা হেলথের প্রধান কার্যালয় রাজধানীর বনানীর ১৭ নম্বর সড়কে।
