২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টি থাকবে, বন্যা পরিস্থিতিরও অবনতি হতে পারে

দেশের উজানে মাঝারি থেকে ভারি বর্ষণের পাশাপাশি অভ্যন্তরে ও উত্তরাঞ্চলে বৃষ্টি কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 09:04 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

এ পরিস্থিতিতে চলমান বন্যা পরিস্থিতি আরও পাঁচ দিন অব্যাহত থাকবে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আভাস দিয়েছে, পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া জানান, নদ-নদীর ৭টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টা দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস রয়েছে।

এতে তিস্তা, ধরলা, দুধকুমার, বহ্মপুত্র ও ‘আপার’ মেঘনা অববাহিকায় পানি বাড়বে।

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু  

ঢলে আট জেলার নিম্নাঞ্চলে বন্যার বিস্তার  

উজানের বর্ষণে পানি বাড়ছে নদীতে  

তিনি জানান, বহ্মপুত্র-যমুনার পানি স্থিতিশীল রয়েছে। ২৪ ঘন্টা তা অব্যাহত থাকবে। গঙ্গার পানি কমলেও পদ্মার পানি বাড়ছে। আগামী ২৪ ঘন্টা তা অব্যাহত থাকবে।

উত্তর পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে আগামী ৭২ ঘণ্টা বলে তিনি উল্লেখ করেন।

পাবনা, মানিকগঞ্জ, রাজবাড়ি, ফরিদপুর ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে দীর্ঘমেয়াদী পূর্বাভাসের তথ্য দিয়ে জানান এ কর্মকর্তা।

রাজধানীতে ভারি বর্ষণ

সোমবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে।

সন্ধ্যায় রাজধানীতে আধ ঘণ্টা একটানা ভারি বৃষ্টি হয়। এদিন বিকালে দিনাজপুরে ভারি বর্ষণের সঙ্গে বজ্রপাতে দুই জায়গায় সাত জনের প্রাণহানি ঘটেছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, উত্তরাঞ্চলে আরও দু’দিন বৃষ্টির প্রবণতা থাকবে। সেই সঙ্গে দেশের অন্যত্র একপশলা বৃষ্টির আভাস রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।