নাম পেয়েছে বাঘের ছানা: বোনটি ‘অবন্তিকা’, ভাই তার ‘দুর্জয়’
লকডাউনের অবকাশে আড়াই মাস আগে ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নেওয়া দুই বাঘের ছানা আনুষ্ঠানিক নাম পেয়েছে।
বেঙ্গল টাইগার প্রজাতির এ দুই ব্যাঘ্র শাবকের মধ্যে মেয়েটির নাম রাখা হয়েছে ‘অবন্তিকা’, আর ছেলেটির নাম দুর্জয়।
তাদের নিয়ে মিরপুর চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে ১১টি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জাতীয় চিড়িয়াখানায় আড়াই মাস আগে জন্ম নেওয়া বাঘের ছানা দুর্জয় ও অবন্তিকা প্রথম একসঙ্গে এত মানুষ দেখে একটু ঘাবড়ে যায়। ছবি: মাহমুদ জামান অভি
অবন্তিকা আর দুর্জয় এখন খাঁচায় তাদের মা বেলীর সঙ্গেই থাকছে, তবে তাদের বাবা টগরকে রাখা হয়েছে আলাদা খাঁচায়।
রেজাউল করিম বলেন, “ছেলে বাচ্চাটির নাম ‘দুর্জয়’, যা সহজে জয় করা যায় না, জয় করতে হয় কঠিনভাবে। আর মেয়ে বাচ্চাটির নাম হচ্ছে ‘অবন্তিকা’, যার নিকটবর্তী শব্দ হচ্ছে রাণী।”
জাতীয় চিড়িয়াখানায় বেঙ্গল টাইগার দম্পতি টগর আর বেলির ঘরে জন্ম নেওয়া দুর্জয় ও অবন্তিকার বয়স এখন আড়াই মাসের বেশি। ছবি: মাহমুদ জামান অভি
মিরপুর চিড়িয়াখানার পরিচালক ডা. মো. আব্দুল লতিফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী পরিষদ বিভাগ থেকে চিড়িয়াখানা খোলার বিষয়ে একটি পরপিত্র জারি করা হয়েছে, এটি এখনও আমরা হাতে পাইনি, তবে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা খুলে দেওয়ার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।”
জাতীয় চিড়িয়াখানায় জন্ম বাঘ শাবক দুর্জয় ও অবন্তিকা খাঁচার ভিতর বেশিরভাগ সময় মা বেলির সঙ্গেই কাটায়। ছবি: মাহমুদ জামান অভি
ডা. লতিফ জানান, মিপুর চিড়িয়াখানার জন্য ১৯৮১ সালে খুলনা অঞ্চল থেকে প্রথম একটি পুরুষ বাঘ সংগ্রহ করা হয়। এরপর ১৯৯০ সালে ভারত থেকে তিনটি মেয়ে এবং দুটি পুরুষ বাঘ আনা হয়।
জাতীয় চিড়িয়াখানায় জন্ম বাঘ শাবক দুর্জয় ও অবন্তিকা খাঁচার ভেতর বেশিরভাগ সময় মায়ের আশেপাশেই থাকে। ছবি: মাহমুদ জামান অভি
গত ২৬ এপ্রিল দুর্জয় ও অবন্তিকার জন্মের আগে সর্বশেষ ২০১৬ সালে মিরপুর চিড়িয়াখানায় দুটি বাঘের ছানার জন্ম হয়েছিল, তবে জন্মের কিছুদিনের মধ্যেই সেগুলো মারা যায় বলে জানান পরিচালক আব্দুল লতিফ।
