ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৬ হাজার
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ৬ হাজার ১০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর যত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তার মধ্যে ৩ হাজার ৪৪২ জনই অগাস্টের প্রথম ১৪ দিনের। এর আগে জুলাই মাসে ২ হাজার ২৮৬ জন আক্রান্ত হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮ জন। এদের মধ্যে ১৮৯ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি।
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৪৯ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬০ এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এ বছর এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে এসব মৃত্যুর কারণ ডেঙ্গু কি না তা নিশ্চিত করেনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর।
বাংলাদেশে ২০১৯ সালে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ছিল অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। ওই বছর প্রথমবারের মতো ডেঙ্গু বিস্তৃত হয়েছে ৬৪ জেলায়।
সে সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ায়, এ রোগে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
যদিও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার হাসপাতাল ও চিকিৎসকদের কাছ থেকে আড়াইশ’র বেশি মানুষের এই রোগে মৃত্যুর খবর পাওয়া গেছে।
২০২০ সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল। সে বছর ১৪০৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়। এদের মধ্যে ১২টি মৃত্যু ডেঙ্গু সন্দেহে আইইডিসিআরে পাঠানো হয়। ৭টি মৃত্যু ডেঙ্গুর কারণে হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
