‘খেলতে গিয়ে’ ছাদ থেকে পড়ে হাজারীবাগে কিশোরীর মৃত্যু
রাজধানীর হাজারীবাগ বোরহানপুরে চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ঝুমুর আক্তার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় বোরহানপুর ২ নম্বর গলির একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ জানায়।
হাসপাতালে নিয়ে আসা নিহতের চাচাতো ভাই সাব্বির হোসেনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার বিকালে ঝুমুর আরও কয়েকটি শিশুসহ তাদের চার তলা ভাড়া বাসার ছাদে খেলাধুলা করছিল।
“এ সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
ওই পুলিশ কর্মকর্তা জানান, ঝুমুর পুরান ঢাকায় স্থায়ী বাসিন্দা ডিস ব্যবসায়ী মো. রাসেলের মেয়ে।
বর্তমানে বোরহানপুরে ওই ভবনের চার তলায় ভাড়া থাকেন রাসেল।
ঝুমুর হাজারীবাগ হ্যাপি টাইম স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। দুই বোন এক ভাইয়ের সে ছিল দ্বিতীয়।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।
