পিবিআই এসপির বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত শুরু
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত শুরু করেছে উত্তরা পূর্ব থানার পুলিশ।
বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম শুক্রবার বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে, আসামির ব্যাপারে আমরা খোঁজ রাখছি।”
পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন নারী কর্মকর্তা বৃহস্পতিবার ঢাকায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মোক্তার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।
আদালতের নির্দেশে উত্তরা পূর্ব থানা বৃহস্পতিবার রাতেই তার অভিযোগ সরাসরি এজাহার হিসেবে নথিভুক্ত করে।
ওই নারী পুলিশ কর্মকর্তার অভিযোগ, ২০১৯ সালে সুদানের দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকাকালে এবং পরে দেশে ফেরার পর ঢাকার উত্তরার একটি হোটেলে তাকে কয়েক দফা ধর্ষণ করেন পুলিশ সুপার মোক্তার।
এ ধরনের অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষ ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে মন্তব্য করে সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, “মামলার মেরিট দেখে আমাদের অগ্রসর হতে বলেছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।”
