২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে রাশিয়া ও জার্মান দূতের পরিচয়পত্র জমা

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্দার ভিকেনতায়েভিচ মানতিস্কিই এবং জার্মানির নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 08:34 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বৃহস্পতিবার দুই দেশের দূত পৃথকভাবে রাষ্ট্রপ্রধান আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আবদুল হামিদ নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সাথে রাশিয়া ও জার্মানির সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে।

রাষ্ট্রপতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রেস সচিব বলেন, “জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটি বিরাট সমস্যা উল্লেখ করে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে উদ্যোগ নেওয়ার জন্য নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।”

বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে কারিগরি ও আর্থিক সহযোগিতার জন্য রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

Image
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র জমা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার।

 

রাষ্ট্রপতি জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাংলাদেশের রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল জার্মানি। তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্যসহ বিভিন্ন খাতে জার্মানির সাথে বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।

নবনিযুক্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে দু'দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপতি আশা করেন।

রাষ্ট্রপতি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে জার্মান বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

রোহিঙ্গা সঙ্কট নিয়ে জার্মানির সহযোগিতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে জার্মান সরকার মিয়ানমারের উপর চাপ অব্যাহত রাখবে।

প্রেস সচিব জানান, নবনিযুক্ত রাষ্ট্রদূতরা দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে নতুন দূতরা বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথক পৃথক ভাবে গার্ড অব অনার দেয়।