ফেইসবুকে স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষকের বিরুদ্ধে জিডি
হিন্দু ধর্মাবলম্বীদের সৃষ্টিকর্তা ভগবানকে নিয়ে ফেইসবুকে গল্প লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে পুলিশের কাছে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার’ অভিযোগ করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে অধ্যাপক কার্জনের বিরুদ্ধে শনিবার লিখিত অভিযোগ করেন বলে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান।
রোববার বিকেলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। জিডি হয়েছে, তবে এখনও মামলা হয়নি। জিডিটা আমরা সাইবার ক্রাইমে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করে মতামত দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
লিখিত অভিযোগে বলা হয়, “অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কুরুচিপূর্ণ মানহানিকর সর্বোপরি সনাতন ধর্মের ভগবানকে হেয়প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এই পোস্টটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী ভাইরাল হয়েছে। সারা বিশ্বে কোটি কোটি সনাতনী ধর্মীয় অনুভূতিতে যা ব্যাপক আঘাতের সামিল।”
শুক্রবার অধ্যাপক হাফিজুর রহমান ফেইসবুক পোস্টে লেখেন, “একবার ভগবান জুন মাসের দুপুরে পৃথিবীতে এলেন। এ ভয়াবহ গরমে চলতে চলতে খুবই তেষ্টায় গলা শুকিয়ে আসতে লাগলো তার। সামনে একজন দুধওয়ালাকে দেখে তিনি দুধ খেতে চাইলেন। দুধওয়ালা ভগবানকে বললো আগে যাও, এখানে বিনা পয়সায় দুধ পাওয়া যায়না...। ভগবান কিছু আগের দিকে এগোতেই দেখলেন একটা বরযাত্রীর দল নাচতে নাচতে আসছে। ভগবান বরপক্ষের একজনকে একটু তৃষ্ণা মেটানোর জন্যে কিছু চাইতেই লোকটি বললো- মদ আছে। যত খুশি মদ খাওয়ার খাও, নাচো, ফুর্তি করো। ভগবান মদ্য পান করে তার তৃষ্ণার নিবারণ করলেন এবং খুবই খুশী হলেন। খুশী খুশী মুখে ঢুলু ঢুলু চোখে দুধওয়ালাকে অভিশাপ দিলেন- তোকে দুধ বিক্রি করতে ঘরে ঘরে ঘুরতে হবে... আর মদওয়ালাকে আশির্বাদ দিলেন- তোমাকে ঘরে ঘরে ঘুরতে হবে না, উল্টে তোমাকে সবাই খোঁজ করবে। সেই থেকেই... (হাসির রিয়েক্ট)।”
এঘটনায় এক বিবৃতিতে ‘নৈতিক স্খলনজনিত অপরাধে’ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংগঠনটির সভাপতি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও ও সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত রোববার এক যৌথ বিবৃতিতে বলেন, “হিন্দু সম্প্রদায়ের কাছে সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। তাই ভগবানকে নিয়ে এ ধরণের পোস্ট দেওয়ার মাধ্যমে হাফিজুর রহমান কার্জন জেনেশুনে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করেননি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাননি, শিক্ষক হিসেবে নৈতিক স্খলনজনিত অপরাধও সংগঠিত করেছেন।”
এদিকে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের কাছে শনিবার স্মারকলিপি বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদ।
এবিষয়ে জানতে চাইলে উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। ফেইসবুকে লেখার বিষয় তো, প্রক্টরকে বলা হয়েছে বিষয়টি যথাযথভাবে দেখতে।।”
এদিকে আলোচ্য স্ট্যাটাস মুছে ফেলে রোববার ফেইসবুকে আরেকটি স্ট্যাটাসে ক্ষমা চেয়েছেন অধ্যাপক হাফিজুর রহমার কার্জন।
সেখানে তিনি লেখেন, “অনেকে ব্যক্তিগত ও সামষ্টিকভাবে আমার পোস্টটিতে আহত হয়েছেন। যারা আমার পোস্টটিতে আহত হয়েছেন ও কষ্ট পেয়েছেন, তার জন্য আমি দুঃখপ্রকাশ করছি।
“আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, ধর্ম মানব সভ্যতার একটি মৌলিক, গভীর, ধ্রুপদি, ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সকল ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, নৈতিকতা, পরার্থপরতা, শুভ ও সুন্দরের কথা বলে।...আমি প্রত্যেকটি ধর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল, এবং মনে করি যে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। তবুও অসচেতনভাবে বা অনিচ্ছাকৃতভাবে যদি আমার পোস্টের মাধ্যমে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে থাকি, সেজন্যে আমি ক্ষমাপ্রার্থী।"
অভিযোগ ও পদত্যাগের দাবি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পদত্যাগ করার মতো কোনো অপরাধ আমি করিনি। আমি যেটা লিখেছি, এ সমস্ত বিষয় নিয়ে অনেক ম্যাটাফোরিক গল্প ও গাথা প্রচলিত আছে। এ সমস্ত বিষয় ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শেয়ার করে থাকে।
“এখন আমার এটাতে যে এরকম প্রতিক্রিয়া হবে, সেটা আমার কোনো ধারণা ছিল না। তারপরও কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখপ্রকাশ করেছি এবং ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছি।”
