স্বাস্থ্যবিধি: গাবতলী পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা
করোনাভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধিসহ নির্দেশনা না মানায় গাবতলী পশুর হাটের ইজারাদারকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার গাবতলী পশুর হাট পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নির্দেশনায় জরিমানা করা হয়।
রাতে মেয়র আতিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবগুলো হাটেই সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নইলে জরিমানা করা হবে।
“প্রতিটি হাটেই পর্যাপ্ত সংখ্যক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীও সরবরাহ করা হয়েছে। হাটগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ক্রেতা এবং বিক্রেতা উভয়কে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সঠিকভাবে ব্যবহার করতে হবে।”
