২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর নিরাপত্তায় ডিভাইস তৈরির পরিকল্পনায় সরকার

নারীরা ঝুঁকির মধ্যে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেন স্বয়ংক্রিয়ভাবে বার্তা পৌঁছে যায়, সেজন্য ডিভাইস তৈরিতে গবেষণা চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2021, 12:01 AM

Updated : 07 Apr 2022, 11:22 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ‘জনসমাগম স্থানে নারীর নিরাপত্তায়’ ডব্লিউএসপিপি ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এই উদ্যোগের পরিকল্পনা জানান।

তিনি বলেন, “নারীর নিরাপত্তায় আমরা একটি ডিভাইস তৈরি করতে কিছু গবেষণা করছি। কম খরচেই এটা করা সম্ভব। অল্প কিছুদিনের মধ্যেই আমরা এটির টেস্টিংয়ে যাব।

“হাতে ব্রেসলেটের মত ডিভাইস থাকতে পারে। যদি কোথাও কোনো নারী নিজেকে ঝুঁকিপূর্ণ মনে করে, সাথে সাথে সেটা ঝাঁকি দিলে বা প্রেস করলে নিকটস্থ থানায় বার্তা চলে যেতে পারে, জোরে অ্যালার্ম বাজতে পারে। এটি কিন্তু সহজেই করা সম্ভব।“

প্রতিমন্ত্রী বলেন, “সিআরআই, ইয়াং বাংলা, ইউএনডিপি, আইসিটি ডিভিশন মিলে আমরা কাজটি করতে পারি পুলিশের সাথে।”

এছাড়া দেশব্যাপী ‘জয় অ্যাপ’ নামে একটি অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত অ্যাপ তৈরির পরিকল্পনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।

“এটি আমরা পুলিশের সাথে মিলে করতে চাই। যার মাধ্যমে মোবাইল ফোন ট্র্যাক করে পুরো অডিও, ছবি, ভিডিও রেকর্ড করা যাবে স্বয়ংস্ক্রিয়ভাবে; জরুরি ঝুঁকিপূর্ণ অবস্থায়। এটি সহজেই করা সম্ভব।”

গণপরিবহনে নারীর নিরাপত্তায় চালক, সহকারীদের ডিজিটাল আইডি সংরক্ষণ করার প্রস্তাব দিয়েছেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, “ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি দিয়ে আমরা চালক, সহকারীদের ডিজিটাল রেজিস্ট্রেশন করতে পারি। আমরা ডিজিটালি এক কোটি মানুষকে টিকার জন্য রেজিস্ট্রেশন করাতে পেরেছি, সেখানে তাদের ডিজিটালি রেকর্ড থাকবে না?

“এটি করতে পারলে সাভারের একটি গাড়িতে কোন ড্রাইভার, হেলপার ছিল; তারা কোথায় গেল সেটি সহজেই ট্র্যাক করা সম্ভব। যখন বিআরটি, পুলিশের কাছে এই ডেটাবেইজ থাকবে, তখন ১৫ থেকে ২০ লক্ষ যানবাহনে প্রতিটি যাত্রীকে নিরাপত্তায় আনার ব্যবস্থা করতে পারব। সেজন্য প্রযুক্তিগত যত সাপোর্ট লাগবে, সেটি আমরা দিব।”

তিনি জানান, শিশুদের নৈতিকতার শিক্ষা ও প্রধানমন্ত্রীর উপদেশ পৌঁছে দিতে হাসিনা অ্যান্ড ফ্রেন্ডস নামে পোর্টাল তৈরি করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া ‘ডিজিটালি লিটারেসি সেন্টার’ গড়ে তোলার কাজ চলছে।

নারীদের নিরাপত্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে তিনি বলেন, “জাতির পিতা ১০ বছর বেঁচে থাকলে স্বাধীনতার ৫০ বছর পরে এসে পাবলিক স্পেসে মা-বোনদের নিরাপত্তার অধিকার নিয়ে ক্যাম্পেইন করতে হতো না। ১০০ আইন কিংবা ১০০ কারাগার দিয়ে এটার সমাধান হবে না। সেজন্য ছোটবেলা থেকেই মানসিকতায় পজিটিভ পরিবর্তন আনতে হবে।”

নারীর প্রতি সহিংসতা বন্ধে গত বছরের ১৪ অক্টোবর ‘জনসমাগম স্থানে নারীর নিরাপত্তায়’ ক্যাম্পেইন শুরু করেছিল ইয়াং বাংলা, ইউএনডিপি ও জাতীয় মানবাধিকার কমিশন।

সে উদ্যোগকে ডিজিটাল মাধ্যমে নিয়ে আসতে বৃহস্পতিবার ভার্চুয়াল অনুষ্ঠানে ‘ডব্লিউএসপিপি’ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি ভেন নুয়্যান, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি আমেনা বেগম, জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক সুস্মিতা পাইক।