ভুয়া কোভিড রিপোর্ট: দিনাজপুরে ৩ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে দুদকের মামলা
বিদেশগামীদের করোনাভাইরাসের ভুয়া ‘নেগেটিভ’ রিপোর্ট দেওয়ার অভিযোগে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতালের তিন কর্মীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপ সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বুধবার মামলাটি দায়ের করেছেন।
আসামিরা হলেন- এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসাপাতালের ওয়ার্ড বয় (আউট সোর্সিং) মো. খোকন আলী, ল্যাব সহকারী (অস্থায়ী ভিত্তিতে ব্লাড ব্যাংকে কর্মরত) খন্দকার আশরাফুল আলম রয়েল ও অফিস সহায়ক মো. মামুনুর রশিদ সরকার।
মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্যাম্পল কালেকশন ও বাড়তি অর্থ সংগ্রহ এবং বিদেশগামীদের করোনাভাইরাসের রিপোর্ট টেম্পারিং (পজিটিভকে নেগেটিভ) করার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়, আসামিরা অজ্ঞাতনামা আরও কয়েকজনের যোগসাজশে গত মে থেকে ১০ জুলাই পর্যন্ত হাসপাতাল বুথ থেকে এবং হাসপাতালের অনুমতি ছাড়াই বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করে বাড়তি অর্থ আদায় করত।“
এছাড়া বিদেশগামীদের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে একদিনেই করোনাভাইরাসের ‘পজেটিভ’ রিপোর্টকে ‘নেগেটিভ’ বানিয়ে সরবরাহ করত বলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, “আসামিরা বিভিন্ন কৌশলে ভুয়া নাম নিবন্ধন করে হাসপাতাল থেকে করোনা টেস্টের নমুনা সংগ্রহের কিট উত্তোলন করত। সেই কিট দিয়ে করোনার উপসর্গ আছে এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে নমুনা সংগ্রহ করত। বিনিময়ে রোগীর কাছ থেকে আদায় করা হত এক থেকে দুই হাজার টাকা।
