সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মুক্তিযোদ্ধা সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল হক চৌধুরী মুশতাকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
এক শোকবার্তায় বলা হয়, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বুধবার দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রেজাউল হক চৌধুরী মুশতাক ১৯৬৭-৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৮ সালের ৩ নভেম্বর ঢাকা কলেজ শাখা, পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্যাডে ‘আজব দেশ’ শিরোনামে নিজের সারথী (ছদ্মনাম) নামে প্রথম ‘বঙ্গবন্ধু’ শব্দটি ব্যবহার করেছিলেন।
এরপরই মূলত ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। ওই সভায় ডাকসুর তৎকালীন ভিপি তোফায়েল আহমেদ শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।
