‘ডিবি সেজে ডাকাতি’: গ্রেপ্তার চার জন রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ডাকাতি ও ছিনতাই চক্রের চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
বুধবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।
গ্রেপ্তারা হলেন- জাহিদ হাসান রেজাউল, মানিক ব্যাপারী ওরফে দারোগা মানিক, ফারুক হোসেন ওরফে নাসির উদ্দিন ও রুবেল সিকদার রুস্তম।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে এই চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের তেজগাঁও বিভাগ।
নির্জন সড়কে চেকপোস্ট বসিয়ে ওয়াকিটকি, অস্ত্র আর হ্যান্ডকাফ নিয়ে ডিবি পুলিশের জ্যাকেট গায়ে ছিনতাই এবং ডাকাতি করে চক্রটি।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পুলিশ পরিদর্শক মাহবুবুল হক চার আসামিকে বুধবার আদালতে হাজির করে ডাকাতির প্রস্তুতির মামলায় প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন। এছাড়া অস্ত্র মামলায় মানিক ব্যাপারীর আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন।
এ সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, শুনানি শেষে বিচারক ডাকাতির প্রস্তুতির মামলায় প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে খেলনা পিস্তল হওয়ায় অস্ত্র মামলায় মানিকের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন বিচারক।
