২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কোনো ছাড় নয়: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ইদযাত্রায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2021, 07:17 PM

Updated : 07 Apr 2022, 11:21 PM

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদুল আজহা উপলক্ষে নৌযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভার (জুম) শুরুতে তিনি বলেন, “ডেক ও চেয়ারে ৬০ ভাগ ভাড়া বাড়ানো হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে আইনী ব্যবস্থা নেওয়া হবে। করা হবে জরিমানা করা হবে। এক্ষেত্রে আমরা খুব কঠোর থাকব।”

নৌপথে ঈদযাত্রায় মানুষকে সুরক্ষিত রাখাই বড় চ্যালেঞ্জ হবে বলেও উল্লেখ করেন তিনি।

বাস বা ট্রেনে যেভাবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব, লঞ্চের ক্ষেত্রে অনেক সময় সেটা কঠিন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তারপরও আমরা ডেকে ‘মার্কিং’ করে দিয়েছি। মার্কিং অনুযায়ী চলতে হবে। লঞ্চ মালিকরাও যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা দেখায় তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, “ঈদের পর একদিনের মধ্যে রাজধানীতে ফেরার ক্ষেত্রে নৌপথে ফিরতি চাপ কম হবে। কারণ কলকারখানা ছুটি থাকবে। বেশিরভাগ মানুষ ঢাকাতেই থাকবে। আর যারা গ্রামে যাবেন তারা ছুটিতে থাকবে।”

সবার সহযোগিতায় এসব চাপ মোকাবেলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ এম তাজুল ইসলাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর আবু জাফর মো. জালালউদ্দিন এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক সভায় অংশ নেন।