২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোগো বড় ব্র্যান্ডের, পণ্য তাদের: গ্রেপ্তার ২

নিম্নমানের ‘বিষাক্ত’ কেমিক্যাল ব্যবহার করে কোমল পানীয় ও আচার-চাটনির মত মুখরোচক পণ্য বানাতেন তারা; তবে মোড়কে ব্যবহার করতেন দেশের নামিদামি ব্র্যান্ডের লোগো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2021, 11:21 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

পুরনো খবর:

শিশুদের জন্য বাহারি রঙের কদমা, ললিপপ, লজেন্স তৈরি হচ্ছিল যেভাবে
বিদেশি ব্র্যান্ডের নামে ভেজাল প্রসাধনী নিয়ে সতর্ক করল ভোক্তা অধিদপ্তর

ভবনের বাইরে থেকে তালা দিয়ে রেখে ভেতরে নকল পণ্য উৎপাদনের এমন একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

সোমবার বিকালে অভিযানকালে ভেজাল খাদ্যপণ্য তৈরি ও বাজারজাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করেছেন গোয়েন্দারা।

ঢাকার কামরাঙ্গীরচরের ওই বাসার ‘নামমাত্র কারখানা’ থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নকল খাদ্যপণ্যও জব্দ করার কথা জানিয়েছেন সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের ৩ নম্বর দলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রতন কৃষ্ণ নাথ।

ওই এলাকার পশ্চিম মোমিনবাগ রোডের তিনতলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ১১টি মেশিন ব্যবহার করে এই চক্র কোমল পানীয় ও অন্যান্য খাদ্যপণ্য তৈরির পর তাতে প্রাণ, কোকাকোলা ও আকিজের মত কোম্পানির লোগো লাগাচ্ছিলেন বলে জানান এই সিআইডি কর্মকর্তা।

গ্রেপ্তার দুজন হলেন- মো. মিরাজ হোসেন (২৩) এবং মো. আল আমিন (১৯)।

গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিমের ৩ নম্বর দল এই অভিযান চালায়, যাতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার রতন কৃষ্ণ নাথ।

রতন কৃষ্ণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোমিনবাগ রোডের তিনতলা একটি বিল্ডিংয়ের বাইরে থেকে তালাবন্ধ করে প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্য নকল ও ভেজাল করে উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল চক্রটি।

“অভিযানে ওইসব ভেজাল শিশুপণ্য এবং ১১টি মেশিনসহ তাদের হাতেনাতে ধরা হয়।"

গ্রেপ্তাররা তাদের কার্যক্রমের কোনো সন্তোষজনক জবাব কিংবা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি বলে জানান তিনি।

এই গোয়েন্দা আরও বলেন, "তারা বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল কোমল পানীয় উৎপাদন করে তাতে প্রাণ এর রোবো, কোকাকোলা এর কোকাকোলা এবং আকিজ কোম্পানির স্পিড লোগো ব্যবহার করছিল।

“এসব ব্র্যান্ডের লোগো লাগিয়ে আইস ললি নামে শিশুদের কাছে জনপ্রিয় খাদ্যপণ্য বানাচ্ছিল।“

এগুলো রাজধানীর চকবাজারের বিভিন্ন দোকানে সরবরাহ করা হত জানিয়ে তিনি বলেন, “পরে এসব পণ্য চকবাজারের দোকানগুলো থেকে সারা দেশে পাইকারিভাবে সরবরাহ করা হয়। এতে এসব কোম্পানির ভাবমূর্তিও নষ্ট হচ্ছে।"

রতন কৃষ্ণ বলেন, "এসব খাদ্যগ্রহণে ক্যান্সারসহ নানা ধরনের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শিশুরা সাধারণত এসব পণ্যের প্রতি বেশি আকৃষ্ট হয়, অর্থাৎ তাদের তৈরি এসব পণ্য শিশুদের মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে।"

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মামলার আরেক আসামি মো. জাহাঙ্গীর (৩৮) পলাতক রয়েছেন বলে জানান তিনি।