২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে লঘুচাপ, সপ্তাহান্তে বৃষ্টির আভাস

সাগরে লঘুচাপ সৃষ্টির মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দুই-তিন দিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2021, 10:31 PM

Updated : 02 Aug 2022, 06:04 PM

এরপর শ্রাবণের শুরুতেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।

সোমবারও পাবনা, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়া, দিনাজপুর ও সৈয়দপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

লঘুচাপের মধ্যে তাপপ্রবাহে অসহনীয় গরমের অতিষ্ঠ নাগরিক জীবন।

আবহাওয়াবিদ শাহীনুল বলেন, “এটি উড়িষ্যা উপকূলেই উঠে যাবে। নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা নেই। তবে দেশে বিরাজমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকবে। এজন্যে ভ্যাপসা গরম অনুভূত হবে।”

মৌসুমী বায়ু এখন ‘কম সক্রিয়’ রয়েছে জানিয়ে তিনি বলেন, ১৫ জুলাইয়ের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সীতাকুণ্ডে ৫৩ মিলিমিটার। এসময় অনেক জায়গায় হালকা বৃষ্টি রয়েছে।