২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিশাস থেকে ফিরে এক নারীর ‘ধর্ষণ’ মামলা

কাজের জন্য গিয়ে মরিশাসে ধর্ষণের শিকার এক নারী দেশে ফিরে এসে ‘ধর্ষণ ও নির্যাতনের’ অভিযোগে আলাদা দুটি মামলা করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 11:51 PM

Updated : 02 Aug 2022, 06:03 PM

শনিবার বিকেলে ঢাকার রামপুরা থানায় মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুটি ধারায় তার দায়ের করা মামলায় একটি রিক্রুটিং এজেন্সির মালিকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রবাসী ওই নারী থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ কাজ করছে।” 

মামলায় রিক্রুটিং এজেন্সি মেসার্স গোলাম রাব্বি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো আকবর হোসেন ও তার ভাই আক্তার হোসেন, একই প্রতিষ্ঠানের গোলাম রাব্বিকে আসামি করা হয়েছে।

এছাড়া পূর্ব আফ্রিকার দেশ মরিশাসে নারীটির কর্মস্থল ‘ফায়ার মাউন্ট টেক্সটাইলের’ মালিক ভারতীয় নাগরিক অনিল কোহলি এবং কারখানার কর্মী মো. শাহ আলম, ফোরকান, সিদ্দিক, আসলামসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি ‘গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল’ এর মাধ্যমে মরিশাসে যান ওই নারী। সেখানে ‘ফায়ার মাউন্ট টেক্সটাইল কোম্পানিতে’ হেলপার হিসাবে কাজ শুরু করেন তিনি।

কোম্পানির ক্যান্টিন পরিচালনায় থাকা শাহ আলম ও তার সহযোগী ফুরকান, সিদ্দিক ও আসলাম ওই নারীকে একদিন বলেন, “কোম্পানির মালিক তোমাকে পছন্দ করে। তুমি যদি তার সাথে থাকতে পার তাহলে অনেক ভালো হবে।”

এমন প্রস্তাবে রাজি না হওয়ায় শাহ আলম বিভিন্ন সময় ওই নারীকে ভয়ভীতি দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়।

মামলায় বলা হয়, “একদিন শাহ আলম বলেন, কোম্পানির মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই তোমাকে মালিকের কাছে যেতে হবে। এই বলে তাকে মালিক অনিল কোহলির বাসায় নিয়ে যায়।”

সেখানে ওই নারীকে মালিকের রুমে রেখে শাহ আলম বাইরে চলে যায়। সেইদিনই ফায়ার মাউন্ট টেক্সটাইলের মালিক অনিল কোহলি তাকে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।

ওই নারীর অভিযোগ, “ধর্ষণের ভিডিও ধারণ করা আছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিখিয়ে শাহ আলম ও কোম্পানির মালিক অনিল কোহলি তাকে প্রতিনিয়ত ধর্ষণ করতেন।”

তিনি আরও অভিযোগ করেন, “মালিকের বন্ধুর সাথেও রাত কাটানোর প্রস্তাব দেয় শাহ আলম। রাজি না হলে আবারও তাকে নির্যাতন করা হয়। একপর্যায়ে তিনি অন্তঃসত্বা হয়ে পড়লে মরিশাসের একটি হাসপাতালে গর্ভপাত করানো হয়।”

ওই নারী জানান, এসব নিয়ে মানসিক যন্ত্রণায় দেশে ফেরার তিন দিনের মাথায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু বিষয়টি তার বোনের নজরে এলে ঠেকিয়ে দেন। এরপর বড় বোনকে তিনি বিস্তারিত জানিয়েছেন।

পরে ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের’ সঙ্গে যোগাযোগ করলে ব্র্যাকের পক্ষ থেকে তাকে চিকিৎসাসহ কাউন্সেলিং সহায়তা দেওয়া হয় বলে জানান ওই নারী।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, “ভুক্তভোগী এই নারী যে বর্ণনা দিয়েছেন সেটি ভয়াবহ। বিদেশে কাজের কথা বলে কাউকে যৌন নিপীড়ন করা বা পতিতাবৃত্তিতে বাধ্য করা মানবপাচারের মধ্যে পড়ে।

“মরিশাস এবং বাংলাদেশ সরকারের উচিত যৌথভাবে এই ঘটনার তদন্ত করা। আরও কোনো বাংলাদেশি নারী এমন নিপীড়নের শিকার কিনা সেটিও খুঁজে বের করে বিচার করা উচিত।”

মন্ত্রণালয় এবং দূতাবাসকে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশে মানবপাচার আইনে করা মামলার যথাযথ তদন্ত ও বিচার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে ওই নারী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সাহায্য চেয়েছেন। মন্ত্রণালয় তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

তবে ন্যায়বিচার দাবি করে ওই নারী অভিযোগ করেন, আসামিরা তাকে নানাভাবে চাপ দিচ্ছে।