লকডাউনে রান্না করা খাবার নিয়ে দুস্থদের পাশে পুনাক
করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউনে পথশিশু, ছিন্নমূল, বাস্তুহারা, দুস্থ ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
৪ জুলাই থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার ৮ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় বলে সংগঠনটি জানিয়েছে।
রাজারবাগ পুলিশ লাইন্সে খাবার বিতরণের সময় প্রায় ৮ শতাধিক মানুষের নাম ঠিকানা রেখে দেওয়া হয়, যাদের ক্রমান্বয়ে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুনাক।
দুস্থদের হাতে রান্না করা খাবার তুলে দিচ্ছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদিকা মোছা. খাদিজা তুল কোবরা।
পুনাক সভানেত্রীর উদ্যোগে লকডাউনে কাজ হারানো মানুষের মাঝে সকালের নাস্তা হিসেবে চিড়া, গুড় ও কলা বিতরণ করা হচ্ছে।
জীশান মীর্জা অনুষ্ঠানে বলেন, “আমরা প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজনের পাশেও দাঁড়াই, তাহলে আর খাদ্যাভাবে কাউকে কষ্ট করতে হবে না। ৪ জুলাই থেকে আমরা নিজ হাতে রান্না করা খাবার নিয়ে প্রতিদিন ২০০ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি।”
এই বিধি-নিষেধ চলা পর্যন্ত পুনাকের পক্ষ থেকে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
