চিকিৎসক বদলি: মৃত ও অবসরে যাওয়াদের নাম নিয়ে প্রশ্ন
একযোগে এক হাজার দুইশ জনের বেশি চিকিৎসককে বদলি করা স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় অন্তত তিনজন রয়েছেন যারা বছরখানেক আগেই মারা গেছেন। দুজন চিকিৎসকের খোঁজ পাওয়া গেছে যারা চাকরি থেকে অবসরে গেছেন।
হঠাৎ এই বদলি আদেশ নিয়ে চিকিৎসকদের মধ্যে দিনভর আলোচনার মধ্যে মৃত ও চাকরি ছেড়ে যাওয়া চিকিৎসকদের তালিকায় নাম থাকাকে কেউ কেউ ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন।
এটা কীভাবে সম্ভব হল তা নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি এমন আদেশকে ‘ত্রুটিপূর্ণ’ উল্লেখ করে চিকিৎসকরা হতাশা প্রকাশ করেছেন।
তালিকায় এসব ব্যক্তিদের নাম কিভাবে এল- এমন প্রশ্নের উত্তর যারা দিতে পারতেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এই বিষয়ে কথা বলতে চাননি।
মৃত, অবসরে যাওয়া চিকিৎসকদের বদলির ঘটনা কীভাবে হলো জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “এত ডিটেইল তো আমি বলতে পারব না। আমি বাসায় এখন। জানি না, পরে জেনে আপনাকে জানাতে হবে।”
রংপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ডা. ফেরদৌস আরা শেখ ক্যান্সার আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গিয়েছেন।
৪ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগ গাইনি ও প্রসূতি বিভাগের এই চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানার স্বাক্ষরে এই প্রজ্ঞাপন জারি হয়েছে। এই আদেশে রংপুর মেডিকেল কলেজের মোট ৬৫ চিকিৎসককে রংপুর মেডিকেলে বদলি করা হয়েছে।
ক্রমতালিকার ৩ নম্বরে থাকা ডা. ফেরদৌসের কোড নম্বর ৩৯৯১১।
তালিকায় ডা. ফেরদৌসের পরের নামটি ডা. মমতাজ বেগমের। রংপুর মেডিকেল কলেজের শিশু বিভাগের এই সহকারী অধ্যাপক অবসরে গেছেন গত বছর। তাকেও বদলি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গত ৪ ও ৫ জুলাই একসঙ্গে বদলি করা এক হাজার দুইশ জনের বেশি চিকিৎসকের মধ্যে তারাও রয়েছেন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেরদৌস আরা শেখ মারা গেছেন, মমতাজ বেগম অবসরে। এই বদলি আদেশের বিষয়ে তিনি কিছুই জানেন না।
“এই বদলি আদেশ ঢাকা থেকে করা হয়েছে। উনাদের নাম কিভাবে এল, আমি তো বলতে পারব না। আমাদের কাছে কিছু জানতে চায়নি কেউ,” যোগ করেন তিনি।
একই ঘটনা ঘটেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ প্রামাণিক স্বপনের ক্ষেত্রেও।
এই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা চিকিৎসকদের যে তালিকা করেছে তাতে ডা. জীবেশের নাম আছে ১২৪ নম্বরে।
৫ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের উপ সচিব জাকিয়া পারভীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডা. জীবেশ প্রামাণিক স্বপনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে বগুড়া ২৫০ বেড মোহাম্মদ আলী হাসপাতালে পদায়ন করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনে মোট ৪৩ জন চিকিৎসকের বদলি আদেশ হয়েছে, ডা. জীবেশের নাম রয়েছে তালিকার ১৫ নম্বরে। কোড নম্বর ১১১৫২৪।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন আমরা হাতে পেয়েছি। সেখানে একজন মৃত চিকিৎসক ডা. জীবেশ কুমারের নাম রয়েছে। আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়কে অবহিত করব।”
কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এসএম নূর উদ্দিন আবু আল বাকী গত বছরের ১৭ জুলাই করোনাভাইরাস আক্রান্ত হয়ে বিএসএমএমইউতে মারা গেছেন।
৫ জুলাইয়ের প্রজ্ঞাপনে এই চিকিৎসককে মেহেরপুর জেলা হাসপাতালে বদলি করা হয়েছে।
এই বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই চিকিৎসক করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। বদলির আদেশের বিষয়টি তিনিও শুনেছেন।
তিনি বলনে, “আমার পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত। আমার স্ত্রীকে নিয়ে পরীক্ষা করাতে যাচ্ছি। বিস্তারিত বলতে পারব না।”
চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. সুজিত কুমার দাসকে ফেনী জেলা হাসপাতালে বদলি করা হয়েছে। তবে এই চিকিৎসক ১০ বছর আগেই চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এটা একটা অদ্ভুত বদলি আদেশ! যে লোক ১০ বছর আগে চাকুরি ছেড়েছেন তাকেও বদলি করা হয়েছে।”
বদলির এই আদেশ ‘যথার্থ হয়নি’ বলে অভিযোগ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএর মহাসচিব ডা, এহতেশামুল হক চৌধুরীর।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এই ধরনের আদেশে চিকিৎসকরা খুব হতাশ।
“এই ধরনের আদেশ আমরা অতীতে কখনই দেখি নাই। ত্রুটিপূর্ণ এই আদেশ কেন করা হয়েছে তার উদ্দেশ্য বোধগম্য নয়।”
তিনি বলেন, “এই আদেশের মাধ্যমে চিকিৎসকদের অপমান করা হয়েছে।
“কারণ একজন চিকিৎসকের নামের পাশে তার পদবি থাকে। এই আদেশে কোনো চিকিৎসকের পাশে তার পদবি লেখা হয় নাই, তার কোড নম্বর লেখা হয়েছে। এটা দিক নির্দেশনাহীন একটা হ-য-ব-র-ল আদেশ। মৃত, অবসরে গেছেন এমন চিকিৎসককেও বদলি করা হয়েছে।”
করোনাভাইরাস মহামারী ভয়াবহ আকার ধারণ করায় ‘চাপ সামলাতে’ সহস্রাধিক চিকিৎসককে একসঙ্গে বদলি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
৪ ও ৫ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগের অন্তত ৪৮টি আদেশে ১ হাজার ২৩৯ জন চিকিৎসককে বুধবারের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। সেখানে তারা কোভিড ইউনিটে দায়িত্ব পালন করবেন।
উপসচিব জাকিয়া পারভিন ও সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানার স্বাক্ষরে এসব প্রজ্ঞাপনে বলা হয়েছে, “কোভিড-১৯ অতিমারী মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এই কর্মকর্তাদের ‘সংযুক্তিতে পদায়ন’ করা হল।“
যেসব চিকিৎসককে বদলি করা হয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মেডিকেল কলেজ থেকে একই মেডিকেল কলেজের হাসপাতালে, একই জেলার জেনারেল হাসপাতাল বা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা পাশের কোনো জেলায় তাদের পাঠানো হয়েছে।
[এই প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বগুড়া, রংপুর, ফেনী ও কুষ্টিয়া প্রতিনিধি]
