২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিডে নারীদের কাজের চাপ বেড়েছে: জরিপ

করোনাভাইরাস মহামারীতে নিম্ন আয়ের মানুষের খাদ্য সংস্থানসহ নানা সংকট দেখা দেওয়ার পাশাপাশি অন্য সময়ের চেয়ে নারীদের কাজের চাপ বেড়ে যাওয়ার তথ্য উঠে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরিপে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 01:16 AM

Updated : 02 Aug 2022, 06:01 PM

মঙ্গলবার প্রকাশিত ওই জরিপে দেখা যায়, ৪০ শতাংশ নিম্ন আয়ের মানুষ তিন বেলা ঠিকমত খাবার জোটাতে পারছেন না।

অন্যদিকে, পরিমাণে কম খাচ্ছেন ৭০ শতাংশ মানুষ।

একইসঙ্গে জরিপে অংশ নেওয়াদের মধ্যে ৮৭ শতাংশ বলেছেন, অভাবের কারণে প্রোটিন জাতীয় খাবার পরিমাণে কম খেতে বাধ্য হচ্ছেন তারা।

এতে আরও দেখা যায়, নারীদের কাজের চাপ মহামারীর আগে ১৮ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে।

মঙ্গলবার এক ওয়েবিনারে এই জরিপের ভিত্তিতে তৈরি গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

২০২০ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে “কোভিড- ১৯ সৃষ্ট জীবিকার সংকট, সামাজিক সংহতি চ্যালেঞ্জ ও প্রশমন ব্যবস্থা” শীর্ষক জরিপ পরিচালনা করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে)।

বৃহত্তর ঢাকা অঞ্চলে ১ হাজার ৬৪ জন খানায় এই জরিপ পরিচালনা করেন গবেষকরা।

এতে অন্তর্ভূক্ত ছিলেন তৈরি পোশাক শিল্পে নিয়োজিত শ্রমিক, শহরাঞ্চলে কর্মরত বিভিন্ন পেশার বিশেষত অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক (গৃহপরিচারিকা, দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র উদ্যেক্তা, সেবাখাতে নিযুক্ত নিম্ন আয়ের শ্রমিক) এবং বিদেশফেরত অভিবাসী কর্মীরা।

মঙ্গলবার গবেষণা প্রতিবেদনটি ‍উপস্থাপন করেন সিপিজের গবেষক সানাউল মোস্তফা ও শহিদুল ইসলাম।

জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ উত্তরদাতা মনে করেন, মহামারীর কারণে তাদের এই আর্থিক ক্ষতি কাটাতে সরকারের সহায়তা করা উচিত।

শুধু ১৬ ভাগ উত্তরদাতা এই অতিমারীর সঙ্গে খাপ খাওয়াতে পারবেন বলে উত্তর দিয়েছেন।

গবেষকরা বলেন, মহামারীর সময়ে নিম্ন আয়ের লোকজন, বিশেষ করে শহরাঞ্চলের অনানুষ্ঠানিক শ্রমিক এবং দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন।

নিম্ন আয়ের শ্রমিকদের আয় এক তৃতীয়াংশ কমে যাওয়ায় তারা ঋণগ্রস্থ হয়ে পড়ছেন এবং ব্যাংক ও অন্যান্য আনুষ্ঠানিক উৎস থেকে তারা কোনো ঋণ সুবিধা পায়নি।

গবেষণায় আরও দেখা হয়, অধিকাংশ নিম্ন আয়ের শ্রমিকরা অতিমারী ব্যবস্থাপনায় সরকারের ভূমিকাকে ইতিবাচক হিসেবে দেখলেও সরকার করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, তা নিয়ে যথেষ্ট সংশয় প্রকাশ করেন।

সমাজে ‘একতার বন্ধন’ কমে গেছে বলেও জরিপে অংশগ্রহণকারী অধিকাংশ উত্তরদাতা মত দিয়েছেন।

সমাজের সবার জন্য সাম্য ও ন্যায়বিচার নিশ্চিত করা এবং শান্তি বজায় রাখতে বিভিন্ন নীতিমালা প্রণয়নের প্রস্তাব করেন গবেষকরা।

ওয়েবিনারে ব্র্যাকের চেয়ারপারসন হোসেন জিল্লুর রহমান বলেন, “নতুন দরিদ্রের সৃষ্টি হওয়ার বিষয়টি এখন বাস্তবতা। কোভিডকালে নগরের দরিদ্র শ্রেণি সবচেয়ে বেশি সংকটে আছে।

”কিন্তু বিষয়টি খুব নজরে আসছে না। আমাদের দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচি অনেক বেশি গ্রামকেন্দ্রীক।”

তবে কোভিড চলাকালে ওএমএসসহ কিছু সুরক্ষা কর্মসূচি শহরাঞ্চলে সরকার চালু করাকে সাধুবাদ জানান তিনি।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের সিনিয়র প্রোগ্রাম বিশেষজ্ঞ ডা. ইয়ামিন মজুমদার বলেন, “জীবন বনাম জীবিকার ভারসাম্য রক্ষার হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

“যেখানে আমাদের দেশে বেশিরভাগ মানুষই অনানুষ্ঠানিক খাতে কাজ করেন, সেখানে তাদের কোনো সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা নেই। লকডাউনের সময়ে নীতিনির্ধারকদের এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।“

জীবন-জীবিকার দ্বন্দ্বের সমাধানে আরও গবেষণা দরকার বলে তিনি উল্লেখ করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মনজুর হাসানের সঞ্চালনায় ওয়েবিনারে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্ট্রাটেজি অ্যান্ড প্লানিং বিভাগের প্রধান মনজুর মোর্শেদ আলোচনায় অংশ নেন।

আরও পড়ুন:

মহামারীতে আয় কমেছে ৭৭% পরিবারে, ঋণ বেড়েছে ৩১% এর: গবেষণা  

কোভিড: দ্রুত টিকাদান ও প্রণোদনা প্যাকেজ বড় করার তাগিদ  

খুচরা বিক্রয় খাতে ‘উপেক্ষিত’ নারী ও প্রতিবন্ধীরা: ব্র্যাকের জরিপ  

লকডাউনে কারখানার পরিবহন পেয়েছিল মাত্র ৪% পোশাক শ্রমিক: জরিপ  

মহামারীকালের বাজেটে সঙ্কট উত্তরণের দিশা কই?  

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে ব্যবসায়ীদের আত্মবিশ্বাসে ‘চোট’: জরিপ