২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা কর্মকর্তা পার্থর জামিন বাতিলে দুদকের আপিল গ্রহণ

রাজধানীর নর্থ রোডের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের মামলায় বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2021, 11:50 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

সেই সঙ্গে এই মামলা নিষ্পত্তি সংক্রান্ত হাই কোর্টের আলাদা দুটি আদেশ বিচারিক আদালত পেয়েছে কি না, পেয়ে থাকলে কবে পেয়েছে এবং উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করা হয়েছে কি না, তার একটি ব্যাখ্যা বিশেষ জজ আদালতের বিচারক ইকবাল হোসেনকে সাত দিনের মধ্যে দিতে বলা হয়েছে।

আর বেসরকারি টেলিভিশন স্টেশন চ্যানেল টোয়েন্টিফোরকে বলা হয়েছে সম্প্রতি ঢাকার বিশেষ জজ আদালত পার্থ গোপাল বণিককে জামিন দেওয়ার পর যে প্রতিবেদন প্রচার করেছে, সে প্রতিবেদনের অনুলিপি (স্ক্রিপ্ট) সিডিসহ দাখিল করতে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুদকের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। পার্থ গোপাল বণিকের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও শাহরিয়া কবির বিপ্লব।

খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুকের আপিল গ্রহণ করেছেন। সেই সঙ্গে জামিন বাতিল প্রশ্নে রুল দিয়েছেন যে, কেন তার জামিন বাতিল হবে না। আর সাত দিনের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের কাছে একটি ব্যাখ্যা চেয়েছেন। আর চ্যানেল টোয়েন্টিফোরকে তাদের প্রতিবেদনের ভিডিও ক্লিপসহ একটি ব্যাখ্যা দাখিল করতে বলেছেন।”

গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত ১৫ জুলাই পর্যন্ত পার্থর জামিন মঞ্জুর করেন। এরপর তিনি কারামুক্ত হন।

সেই জামিন বাতিল চেয়ে রোববার হাই কোর্টে আবেদন করে দুদক। সোমবার শুনানিতে খুরশীদ আলম খান বলেন, হাই কোর্টের পৃথক বেঞ্চ পার্থ গোপাল বণিকের মামলা ৬ মাস ও এক বছরের মধ্যে নিষ্পত্তি করতে বলেছিলেন। কিন্তু জামিনের নথিতে এ রেকর্ডগুলো নেই। এরপর আদালত আদেশ দেয়।

গত বছরের ৪ নভেম্বর পার্থের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপর ১৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত বছর ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ডিআইজি প্রিজনস পার্থের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মোট ১৪ জনকে সাক্ষী করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার কোনো ‘বৈধ উৎস’ তিনি দেখাতে পারেননি।

“অর্থাৎ তিনি সরকারি দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, ঘুষ, ‍দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে উপার্জন করা ওই ৮০ লাখ টাকা পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রেখেছেন মর্মে প্রমাণিত হয়।”

২০১৪ সালে পদোন্নতি পেয়ে কারা উপ-মহাপরিদর্শক হওয়ার পর পার্থ গোপাল বণিকের বেতন স্কেল হয় ৩১ হাজার ২৫০ টাকা।

অভিযোগপত্রে বলা হয়, তার বাসায় পাওয়া অর্থ ওই বেতন স্কেলের সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’। তিনি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলেননি, কখনও ওই অর্থ আয়কর বিবরণীতেও প্রদর্শন করেননি।

বরখাস্ত হওয়ার আগে পার্থ গোপাল বণিক ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স)।

গত বছর ২৯ জুলাই ধানমণ্ডির নর্থ রোডে (ভূতেরগলি) তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করার পর তাকে গ্রেপ্তার করে দুদক। পরদিন দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

দুদকের কর্মকর্তারা সে সময় বলেছিলেন, উদ্ধার হওয়া টাকার মধ্যে পার্থের ফ্ল্যাটের দেয়াল কেবিনেটে গেঞ্জিতে মোড়ানো ছিল ৫০ লাখ টাকা। একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় বাকি ৩০ লাখ টাকা।

আটকের সময় পার্থ সাংবাদিকদের কাছে দাবি করেছিলেন, এই ৮০ লাখ টাকা তার বৈধ আয় থেকে অর্জিত। এর মধ্যে ৩০ লাখ টাকা তার শাশুড়ি দিয়েছেন, বাকি ৫০ লাখ টাকা তার সারা জীবনের জমানো টাকা।

২০১৮ সালের ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, দুই কোটি ৫০ লাখ টাকার এফডিআর, এক কোটি ৩০ লাখ টাকার চেক ও ফেনসিডিলসহ কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে গ্রেপ্তার হন চট্টগ্রামের তখনকার জেলার সোহেল রানা বিশ্বাস।

তখন তিনি গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে নিজের ঘুষ বাণিজ্যের পেছনে সহায়ক শক্তি হিসেবে সেখানকার তৎকালীন ডিআইজি পার্থ গোপাল বণিকের নাম বলেছিলেন বলে দুদক কর্মকর্তারা জানান।

পুরনো খবর:

ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিরুদ্ধে অভিযোগপত্র
দুদকের মামলায় ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের বিচার শুরু