আনসার আল ইসলামের ৩ সদস্য রিমান্ডে
ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন ‘সদস্যকে’ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এই আদেশ দেন।
শনিবার রাতে রামপুরা এলাকায় অভিযান চালিয়ে সাইয়েদ তাইমিয়া ইবরাহীম ওরফে আনোয়ার, মারুফ চৌধুরী মিশু ওরফে ফারহান এবং ফয়জুল মোরসালিন নামের ওই তিন যুবককে গ্রেপ্তার করে কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে রামপুরা থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
রোববার তাদের আদালতে হাজির করে সন্ত্রাস বিরোধী আইনের ওই মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সিটিটিসি প্রধান উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আসাদুজ্জামান রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বলেছে, আনসার আল ইসলাম সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে তারা অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে প্রচার চালিয়ে নতুন সদস্য ও অর্থ সংগ্রহ করছিল।”
ওই জঙ্গি দলের সদস্যরা জনকল্যাণমূলক কাজ বা চ্যারিটির নামে দেশ ও বিদেশ থেকে সদকাহ ও জাকাতের অর্থ সংগ্রহ করে জঙ্গিবাদের কাজে ব্যবহার করত বলেও আসাদুজ্জামান জানান।
তিনি বলেন, “বর্তমানে তারা তিন থেকে পাঁচজনের গোপন সেল বা মডিউল করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। এসব সেল আলাদাভাবে কর্মী রিক্রুট করে। ফলে ভিন্ন ভিন্ন সেল বা মডিউলের সদস্যরা কেউ কাউকে চিনতে পারে না।”
বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করত বলেও তথ্য দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
