বেড়িবাঁধের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ দাবি
উপকূলীয় এলাকায় বেড়িবাঁধের জন্য জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পাশাপাশি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব এসেছে এক আলোচনা সভা থেকে।
দেশের আইনপ্রণেতা ও নাগরিক প্রতিনিধিদের এক কনভেনশনে বলা হয়েছে, টেকসই বেড়িবাঁধের অভাবে মারাত্মক ঝুঁকির মুখে উপকূলীয় এলাকার জীবন-জীবিকা। বর্তমান সরকারের নানা উন্নয়ন উপকূলে পৌঁছালেও তা জোয়ারের পানিতে ভাসছে। তাই এই বিষয়ে জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বেসরকারি সংস্থা ফেইথ ইন একশন ও লিডার্স এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন এই কনভেনশনের আয়োজন করে।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনভেনশনে ৭ দফা প্রস্তাব গ্রহণ করা হয়।
এসব প্রস্তাবে বলা হয়েছে, টেকসই বেড়িবাঁধ নির্মাণে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখতে হবে। বাঁধ রক্ষণাবেক্ষণে বিশেষ তহবিল গঠন করতে হবে।
জাতীয় বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ ব্যয়ে উপকূলীয় এলাকার জনপ্রতিনিধি ও জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে।
একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে সেখানকার জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে।
প্রস্তাবে আরও বলা হয়, লবণাক্ততার আগ্রাসনের শিকার উপকূলের সুপেয় পানির সংকট নিরসনে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা নিতে হবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সুন্দরবন ও আশপাশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলোকে ঘিরে পর্যটন শিল্পের প্রসারের স্বার্থে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সরকারের ডেল্টাপ্লান বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
সাতক্ষীরা থেকে বরিশাল হয়ে কক্সবাজার পর্যন্ত সুপার ড্রাইভওয়ে নির্মাণ করতে হবে। সর্বোপরি উপকূলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অবিলম্বে হাওড় উন্নয়ন বোর্ডের ন্যায় উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে।
কনভেনশনে মূল বক্তব্যে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে সুন্দরবনের পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে।
এরপর করোনাভাইরাস পরিস্থিতি এবং ঘূর্ণিঝড় আম্ফান ও ইয়াসের আঘাত সংকট আরও বাড়িয়ে দিয়েছে। তাই টেকসই বেড়িবাঁধ নির্মাণে দ্রুত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
কনভেনশনে সভাপতিত্ব করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।
সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় কনভেনশনে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, মুস্তফা লুৎফুল্লাহ, আব্দুস সালাম মূর্শেদী, মো. আমিরুল আলম মিলন, এস এম শাহজাদা, সৈয়দা রুবিনা আক্তার ও গ্লোরিয়া ঝর্ণা সরকার।
ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও আ ফ ম রুহুল হক এমপি।
আরও পড়ুন
