২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পড়তে গিয়ে মাদকে ‘আসক্তি’, ডিএমটি ও এলএসডিসহ গ্রেপ্তার ৪

দেশে আসা নতুন ধরনের মাদক ডিএমটি এবং সাম্প্রতিক সময়ে আবার আলোচনায় আসা এলএসডিসহ রাজধানীর তেজগাঁও থেকে চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2021, 05:59 PM

Updated : 02 Aug 2022, 06:00 PM

র‌্যাব কর্মকর্তাদের হাতে ধরা পড়ার পর তাদের দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়ার পর তারা এই দুই মাদক সেবন শুরু করেন।

তারা সেখানে নিয়মিত এই দুই মাদক সেবন করতেন। এরমধ্যে দেশে নতুন ধরা পড়া ডিএমটি গ্রহণে ‘জীবননাশের’ মত দুর্ঘটনাও ঘটতে পারে বলে জানান র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

অন্যদিকে গত দুই মাসে দেশে কয়েকটি অভিযানে এলএসডি উদ্ধারের পর একে ‘ভয়ানক’ হিসেবে উল্লেখ করেছেন আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা।

শনিবার রাতে তেজগাঁও 'ইয়ং স্পোর্টিং ক্লাবের' সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সৈয়দ মঈন উদ্দিন আহমেদ শাদাব (২৯), মো. আব্রাহাম জোনায়েদ তাহের (২৫), স্বপ্নীল হোসেন (২২) ও সিমিন খন্দকার (২৩)।

রোববার বিকালে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক খন্দকার সাইফুল আলম তাদের গ্রেপ্তার এবং এই দুই মাদকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

তাদের কাছ থেকে বর্তমান সময়ের আলোচিত মাদক এলএসডি এবং ৬০০ মিলিগ্রাম নতুন মাদক ডিএমটি, আমেরিকান ক্যানাবিজ ৬২ গ্রামসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার তথ্য জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল বলেন, “এলএসডির বিষয়ে সাম্প্রতিক সময়ে জানা গেছে। এটি মূলত নেদারল্যান্ডস থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে আনা হয়। উচ্চমূল্য হওয়ায় মূলত এর ব্যবহারকারী উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ।“

তিনি আরও বলেন, “গত রাতের অভিযানে উদ্ধার করা নতুন ধরনের একটি মাদক সম্বন্ধে আমরা অবগত হই, যার নাম ডিএমটি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম ডাই-মিথাইল ট্রাইপেটামিন।

“এলএসডি সেবনের মত এটি মুখে কিংবা সিগারেট বা পাইপের সাহায্যে ধোঁয়ার মাধ্যমে ভেতরে নেওয়া বা ইনজেকশনের সাথে নেওয়া যায়। এটি সেবনের পরে ৩০ থেকে ৪০ মিনিট গভীর আসক্তি তৈরি করে।“

গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “এটি সেবনের পর তড়িৎ হ্যালুসিনেশন হয় এবং তারা কল্পনার জগতে প্রবেশ করে।

“মূলত এ থেকে মারাত্মক দুর্ঘটনা হতে পারে, এমনকি জীবননাশও হতে পারে।“

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিদেশে পড়াশোনাকালীন সময়ে একজন থাইল্যান্ডে এবং অপরজন যুক্তরাজ্যে ডিএমটি ও এলএসডি মাদক নিয়মিত গ্রহণ করতেন বলে ঊর্ধ্বতন ওই র‌্যাব কর্মকর্তা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৈয়দ মঈন উদ্দিন আহমেদ শাদাব উত্তরায় স্থানীয় এক ইংলিশ মিডিয়াম স্কুল হতে 'ও' লেভেল শেষে ভারতের দার্জিলিংয়ে 'এ' লেভেলে পড়াশোনা করেন।

এরপর তিনি ২০১৫ সালে বিবিএ পড়তে থাইল্যান্ডে যান। সেখানেই তিনি বন্ধুদের সঙ্গে এই মাদক গ্রহণ করতেন।

পরে বাংলাদেশে এসেও তিনি এই মাদক গ্রহণ অব্যাহত রাখেন। এটি বিদেশ থেকে বিভিন্ন পোস্টাল সার্ভিসের মাধ্যমে এনে নিজে গ্রহণ ও বিক্রি করতেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

অন্যদিকে আব্রাহাম জোনায়েদ তাহের রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে 'ও' লেভেল শেষ করে ২০১৫ সালে মালয়েশিয়ায় পড়তে গিয়ে দুবছর ছিলেন। পরে সেখান থেকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। ওখানেই এলএসডি ও ডিএমটিতে আসক্ত হন।

যুক্তরাজ্য থেকে এমবিএ শেষ করে গত বছর বাংলাদেশে এসেও নিয়মিত এসব মাদক গ্রহণের পাশাপাশি বিক্রিতে যুক্ত হন বলে দাবি র‌্যাব কর্মকর্তাদের।

ডিএমটি মাদকের মূল্যের বিষয়ে র‌্যাব-২ অধিনায়ক সাইফুল বলেন, ৬০০মিলিগ্রাম ২০ হাজার টাকা দিয়ে কেনার কথা গ্রেপ্তার ব্যক্তিরা তাদের জানিয়েছে।

আরও পড়ুন

এলএসডি: কুরিয়ারে এনে অনলাইনে বিক্রি  

এলএসডিসহ গ্রেপ্তার পাঁচ শিক্ষার্থী কারাগারে