হুদাপত্নীর সম্পদের হিসাব চায় দুদক
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার সম্পদের হিসাব চেয়ে নোটিস পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিসে ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
তিনি বলেন, দুদকের অনুসন্ধানে সিগমা হুদার অঢেল সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পেয়ে এই নোটিস পাঠানো হয়েছে।
নোটিসে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, আপনি (সিগমা হুদা) জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন।
তাই নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে আপনার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে হবে।
এর আগে ২০২০ সালের ৯ জানুয়ারি পৌনে সাত কোটি টাকা পাচার করে লন্ডনে দুইটি ফ্ল্যাট কেনার অভিযোগে সিগমা হুদা ও দুই মেয়ের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
ওই মামলায় হুদাপত্নী ছাড়াও দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে আসামি করা হয়। দুই মামলাতেই সিগমা হুদাকে আসামি করা হয়।
এক মামলায় সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তারা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তিন লাখ ৮০ হাজার পাউন্ড স্টার্লিং এর সমান অর্থাৎ চার কোটি ছয় লাখ ৬০ হাজার টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেন। এ অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে একটি ফ্র্যাট কিনেছেন।
অন্যদিকে শ্রাবন্তী আমিনা হুদার সঙ্গে সিগমা হুদাকে যে মামলায় আসামি করা হয়েছে, তার এজাহারে বলা হয়, তারা জ্ঞাত আয় বহির্ভূত দুই লাখ ৫০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ দুই কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার সম্পদ অর্জন করে যুক্তরাজ্যে পাচার করেন।
এছাড়া ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ঘুষ চাওয়ার মিথ্যা অভিযোগ করায় ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে একটি মামলা করে দুদক।
