ঢাকায় আনসার জঙ্গি সন্দেহে একজন গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে একজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মো. সোহেল ওরফে শফিউল্লাহ
সোহেলের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ। তার বিরুদ্ধে বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
সোমবার এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোহেলের কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশ কিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি হাতে লেখা ডায়েরি জব্দ করা হয়েছে।
সোহেল দীর্ঘদিন ধরে অনলাইনে উগ্রবাদী মতাদর্শের প্রচার চালাচ্ছিল বলে জানিয়েছে এটিইউ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “তিনি দেশে-বিদেশে অবস্থানরত আনসার আল ইসলামের সদস্যদের সাথে এনক্রিপ্টেড গ্রুপে যোগাযোগ রাখছিলেন।জিহাদের জন্য প্রশিক্ষণের আহবান করতেন।”
আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ ও সহযোগীদের কাছে সাংঠনিক খবরাখবর ও বিভিন্ন উগ্রবাদী মতাদর্শের বই আদান-প্রদানেও সোহেল জড়িত ছিলেন বলে এটিইউর দাবি।
