কাজের খোঁজে ঢাকায় এসে রেললাইনে মৃত্যু
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, যিনি কাজের খোঁজে ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মো. ইউসুফ নামে ৩২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার আদুনা গ্রামে। তিনি পেশায় একজন গাড়ি চালক।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক জানান, রোববার বিকালে খিলগাঁও রেলগেইট এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় জামালপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ।
আইনি প্রক্রিয়া শেষে ইউসুফের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।
নিহতের মামাতো ভাই জামাল পুলিশকে বলেছেন, ইউসুফ আগে ঢাকায় প্রাইভেট কার চালাতেন। চাকরি ছেড়ে দিয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। এখন নতুন কোনো চাকরি খোঁজার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। তবে কী কারণে তিনি রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তা কেউ বলতে পারেননি।
গৌরনদীর আদুনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে ছেলে ইউসুফ একটি কন্যা সন্তান রেখে গেছেন।
