জাতীয় আর্কাইভসে মহাপরিচালকের পদ রেখে আইনের খসড়া সংসদে
বাংলাদেশ জাতীয় আর্কাইভসে একজন মহাপরিচালক রাখার বিধান রেখে নতুন আইনের খসড়া জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ রোববার সংসদে ‘বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল-২০২১’ শিরোনামে এই বিলটি উত্থাপন করেন।
পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
এখন জাতীয় আর্কাইভস পরিচালনা করা হয় ১৯৮৩ সালের একটি অধ্যাদেশের মাধ্যমে। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সামরিক শাসন আমলে প্রণীত যেসব আইন বা অধ্যাদেশের এখনও প্রয়োজন রয়েছে, সেগুলোকে পরিমার্জন করে বাংলায় রূপান্তরের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য বিলটি আনা হয়েছে।
বিলে বলা হয়েছে, জাতীয় আর্কাইভস পরিচালনায় একটি উপদেষ্টা পরিষদ থাকবে। সেখানে একজন মহাপরিচালক থাকবেন।
আগের অধ্যাদেশে মহাপরিচালকের কোনো পদ ছিল না। বিদ্যমান আইনে রেকর্ড নষ্ট করার যে বিধান ছিল, খসড়া আইনে তা বাদ দেওয়া হয়েছে।
বিলে বলা হয়েছে, সরকারি রেকর্ড আর্কাইভে রাখতে হলে তা ২৫ বছর বা তার বেশি পুরনো হতে হবে। ব্যক্তিগত রেকর্ডও আর্কাইভে রাখা যাবে। ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, কিংবা সাংস্কৃতিক তাত্পর্য রয়েছে- এমন ৩০ বছর বা তার বেশি পুরনো ব্যক্তিগত রেকর্ডও আর্কাইভে সংরক্ষণ করা যাবে।
বিলে বলা হয়েছে, আর্কাইভে রক্ষিত রেকর্ড চুরি, নষ্ট বা হ্যাক করলে তিন বছরের জেল ও ২০ হাজার টাকা জরিমানা হবে। রেকর্ড পাচার করলে পাঁচ বছরের জেল এবং এক লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
খসড়া আইনে রেকর্ডের সফট কপি সংরক্ষণেরও বিধান রাখা হয়েছে, আগের আইনে যা ছিলো না।
প্রস্তাবিত আইনে গবেষক ও তথ্য সেবা গ্রহীতাদের অনলাইন ডিজিটাল সেবা দেওয়ার জন্য আর্কাইভ ডিজিটাল সেবা বা তথ্য প্রযুক্তি সেবা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ফি দিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করলে গোপন কোনো দলিল না হলে সরবরাহ করার বিধান রাখা হয়েছে।
