শ্যামলী টিবি হাসপাতালে অর্থ আত্মসাতের অভিযোগে তিন মামলা
যন্ত্রপাতি কেনায় অতিরিক্ত মূল্য দেখিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্যামলী টিবি হাসপাতালের বর্তমান ও সাবেক দুই উপ-পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।
কমিশন সচিব আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাগুলো করেন।
আসামিরা হলেন- হাসপাতালটির বর্তমান উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান, সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী এবং তিন ঠিকাদার আফসানা ইসলাম কাকলী, মুন্সী ফররুখ হোসাইন ও মৌসুমী ইসলাম।
আনোয়ার হোসেন বলেন, “২০১৭-১৮ অর্থবছরে পাঁচটি ক্রয় আদেশে তিনটি প্রতিষ্ঠান যন্ত্রপাতি সরবরাহ করে অতিরিক্ত মূল্য দেখিয়েছে। সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে চার কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাৎ করেছেন।”
তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান প্রমিক্সো লিমিটেডের মালিক মৌসুমী ইসলাম ‘হাসপাতালের কর্মকর্তাদের যোগসাজশে’ একটি বিলের মাধ্যমে এক কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা ‘আত্মসাৎ করেছেন’ বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক।
মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুন্সী ফররুখ হোসাইন ও হাসপাতালের কর্মকর্তারা যন্ত্রপাতি সরবরাহ করে তিনটি বিলে দুই কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকা ‘আত্মসাৎ করেছেন’ বলে একটি মামলায় অভিযোগ আনা হয়েছে।
আরেকটি মামলায় হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে একটি বিলের মাধ্যমে নির্বার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলী ‘কর্মকর্তাদের যোগসাজশে’ ৫৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা ‘আত্মসাৎ’ করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে দুদক সচিব জানান।
