২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টের সামনে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকার হাই কোর্ট এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 07:44 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

রোববার দুপুর আড়াইটার দিকে হাই কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) মো. কামরুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কারটি রাইড শেয়ারিংয়ে যাত্রী পরিবহন করছিল। চালক ও যাত্রী মিলেই দুর্ঘটনায় পড়া ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে ওই নারীকে হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

“ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ বছর। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। যতটুকু জানতে পেরেছি তিনি রাস্তায় ভিক্ষা করতেন।”

ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ গাড়ির চালক সিদ্দিকুর রহমান এবং তার প্রাইভেট কারটি আটক করলেও বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি।