শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ‘খাটিয়া মিছিলের’ ঘোষণা
স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার ‘খাটিয়া মিছিলের’ কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রোববার দুপুরে ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ ব্যানার নিয়ে ছাত্র-শিক্ষকদের একটি সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
তার আগে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে ঘণ্টাখানেক অবস্থান করেন শিক্ষার্থীরা।
সেশন জট নিরসনে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে গত ২৫ মে থেকে ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ ব্যানারে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন এই শিক্ষার্থীরা। জুনের শুরুতে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে কঠোর আন্দোলনের ঘোষণা রয়েছে তাদের।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক আবু মূসা মো. আরিফ বিল্লাহ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাটা সরকারের ব্যর্থতা। সরকার যদি জাতির মেরুদণ্ড শিক্ষাকে ধ্বংস করে, আমরা বসে থাকব না।”
সমাবেশে আন্দোলনকারীদের সমন্বয়ক ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্র আসিফ মাহমুদ বলেন, “আমরা মনে করি, বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার সঙ্গে জড়িত প্রশাসনের মৃত্যু ঘটেছে, অপমৃত্য ঘটেছে। তারা শিক্ষার্থীদের দাবিকে উপেক্ষা করে যাচ্ছেন।”
শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনার কথাও বলে আসছে সরকার।
