ফাইজারের টিকা আসছে রাতে: স্বাস্থ্যের ডিজি
ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা রোববার রাতে বাংলাদেশে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগে এক সভা শেষে তিনি এই তথ্য জানান।
ফাইজার টিকা আসতে আরো সময় লাগবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “টিকা রাত সাড়ে ১১টায় আসবে।”
টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এই টিকা পাচ্ছে বাংলাদেশ।
কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অ্যাস্ট্রোজেনেকার টিকার বিষয়ে মহাপরিচালক বলেন, “তারা দেবে না এটা বলেনি। এখনও বলছে দেবে।“
রাশিয়ার ভ্যাকসিন কবে নাগাদ দেশে আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, “আমরা চিঠি লিখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছে। আমরা তাদের রিপ্লাই দেব। তারপরে সিদ্ধান্ত হবে।
“দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাব।”
এদিকে ভারত সীমান্তবর্তী কিছু এলাকায় করোনাভাইরাস সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় আরও সাতটি জেলায় লকডাউনের কঠোর বিধিনিষেধ জারির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন, “জেলাগুলোর লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। অধিদপ্তরের একটি মিটিং চলছে। গত সাত দিনের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরেছিলাম। উনারা বলেছেন আমাকে জানানো হবে।”
“সম্ভবত স্থানীয় পর্যায়ে লকডাউন জারি করা হবে। এটার কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি।”
এর আগে ফ্লাইট সিডিউল পাওয়া না যাওয়ায় ফাইজারের টিকা আসতে দেরি হবে বলে রোববারের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বুলেটিনে বলা হয়েছিল।
ফাইজার-বায়োএনটেকের যে টিকা প্রথম চালানে বাংলাদেশকে কোভ্যাক্স দিয়েছে, তা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তিনি বলেন, “এই টিকা আসার পর আমাদের টিকা বিতরণ সংক্রান্ত কমিটি ঠিক করবেন ওই টিকা কখন কাকে দেওয়া হবে।”
দেশে করোনাভাইরাসের টিকা সঙ্কটের মধ্যে গত ১৯ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ফাইজার-বায়োএনটেকের তৈরি এক লাখ ৬২০ ডোজ টিকা আগামী ২ জুন আসবে।
পরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার এই টিকার চালান আসবে।
গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এখন এই টিকা প্রয়োগ করা হচ্ছে।
গত বছরের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তাদের জরুরি ব্যবহার্য টিকার তালিকায় ফাইজারের ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করেছে।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড বা সিনোফার্মের তৈরি টিকার মতোই ফাইজার-বায়োএনটেকের টিকাও নিতে হবে দুই ডোজ করে। প্রথম ডোজ দেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দিতে হবে দ্বিতীয় ডোজ।
১২ বছর বা তার বেশি বয়সীদের ওপর ফাইজারের টিকা প্রয়োগ করা যাবে। চূড়ান্ত ধাপের ট্রায়ালে এ টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে উৎপাদকদের ভাষ্য।
পরীক্ষামূলক প্রয়োগে তুলনামূলকভাবে বেশি কার্যকারিতা দেখালেও ফাইজারের টিকা সংরক্ষণ ও সরবরাহের কাজটি কোভিশিল্ডের মত সহজ নয়।
কোভিশিল্ড যেখানে সাধারণ রেফ্রিজারেটরে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা সম্ভব, সেখানে ফাইজারের টিকা মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সংরক্ষণ করতে হবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, এই টিকা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ দিন রাখা যাবে। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা দুই ঘণ্টা ভালো থাকবে।
আরও পড়ুন-
