২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী সকল দেশের শান্তিরক্ষীদের অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2021, 01:46 AM

Updated : 10 Oct 2022, 05:59 PM

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী পৃথক পৃথক বাণী দিয়েছেন।

আইএসপিআর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শান্তিরক্ষী দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় সেনাকুঞ্জে শহীদ শান্তিরক্ষীদের নিকট-আত্মীয় এবং আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় ভিটিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেনাকুঞ্জে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরুর পর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, জ্যেষ্ঠতম শান্তিরক্ষী হিসেবে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী ভিটিসির মাধ্যমে বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যগণ, সেনাবাহিনী প্রধান, ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব- সচিবগণ, বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যম ব্যক্তিত্বসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ভোর সোয়া ৬টায় ঢাকার তেজগাঁও পুরাতন বিমান বন্দর মসজিদ কমপ্লেক্সে এবং অন্যান্য বিভাগীয় শহরে দিবসের কর্মসূচি শুরু হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে শনিবার বিভিন্ন সংবাদমাধ্যম বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে এবং টেলিভিশন স্টেশনগুলো আলোচনা অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র দেখায়।

বিশ্বব্যাপী শান্তিরক্ষায় কর্মরতদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ২০০৩ সাল থেকে প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস হিসেবে পালন করা হচ্ছে।