২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবার পরিকল্পনা কার্যক্রমে সবাইকে যুক্ত থাকতে হবে: স্পিকার

সরকারের পরিবার পরিকল্পনা কার্যক্রমের সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2021, 03:10 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

শনিবার 'মিন্সট্রুয়াল হেলথ অ্যাওয়্যারনেস উইক' উপলক্ষে এক ভার্চুয়াল অনুষ্ঠানে স্পিকার বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য টয়লেট স্থাপনসহ যুগোপযোগী আরও উদ্যোগ গ্রহণ করেছেন। সরকারের পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রমের সাথে সকলকে সংযুক্ত হতে হবে। নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।”

নারী অধিকার নিয়ে কাজ করা ‘ট্র্যাভেলেটস অফ বাংলাদেশ-ভ্রমণকন্যা’ ওই অনুষ্ঠানের আয়োজন করে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিরীন শারমিন বলেন, “নারীর প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়। ভ্রমণকন্যা নারীস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এ পর্যন্ত সারা বাংলাদেশের ১০২টি প্রতিষ্ঠানের প্রায় ৫২হাজার শিক্ষার্থীদের মাঝে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে যা অত্যন্ত প্রশংসনীয়।

“এ উদ্যোগের ফলে নারীদের স্বাস্থ্য সুরক্ষামূলক জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে ২২ থেকে ২৮ মে 'মিন্সট্রুয়াল হেলথ এওয়্যারনেস উইক' উপলক্ষে অনলাইন ইভেন্ট আয়োজন একটি কার্যকর পদক্ষেপ।”

সংগঠনের সভাপতি সাকিয়া হক ও সাধারণ সম্পাদক মানসী সাহার সঞ্চালনায় এ অনুষ্ঠানে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ভারত, দক্ষিণ আফ্রিকা থেকে নারী প্রতিনিধিরা বক্তব্য রাখেন।