ঢাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভার ও কামরাঙ্গীরচরে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় মারা যান টিপু সুলতান রনি (২০) নামের এক যুবক।
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী আব্দুর রহিমের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ভোরের দিকে ফ্লাইওভারে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিন আরোহী আহত হন।
“আহতদের সকাল ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।”
আহত শাহিন ও নাঈমকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান বাচ্চু মিয়া।
অন্যদিকে কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সকাল পৌনে সাতটার দিকে নৌ পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে বলে কামরাঙ্গীচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার জানিয়েছেন।
সকাল ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
মাইক্রোবাস ও এর চালক বাবুলকে আটক করেছে পুলিশ।
