হাতিরঝিলে এক মোটরসাইকেলে আরেকটির ধাক্কা, তরুণ নিহত
রাজধানীর হাতিরঝিলে পেছন থেকে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে আরেকটির চালকের মৃত্যু হয়েছে।
নিহত আনোয়ার হোসেন (৩৫) আরমান অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার কর্মী ছিলেন।
চট্টগ্রামের বোয়ালখালীর চড়খিদিরপুরের মৃত দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ারে দুটি সন্তান আছে। তিনি সপরিবারে খিলগাঁওয়ের তালতলায় থাকতেন।
বুধবার সকালে হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা হাজীপাড়া পেট্রোল পাম্পের বিপরীতে নতুন রাস্তায় এঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের স্বজন ও তার সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন।
মহিদুল ইসলাম নামে এক পথচারী আনোয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “লোকটি (আনোয়ার) মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আইল্যান্ডের সাথে আঘাত পেয়ে অচেতন হয়ে যান।
“পেছনের মোটরসাইকেলটি পড়ে গেলেও তিনি নিজেই দ্রুত উঠে গিয়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।”
