২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজহার খুন: স্ত্রী-ইমাম রিমান্ডে

ঢাকার দক্ষিণখানে পোশাককর্মী মো. আজহার হত্যামামলায় তার স্ত্রী আসমা আক্তার এবং স্থানীয় মসজিদের ইমাম আব্দুর রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2021, 05:26 PM

Updated : 10 Oct 2022, 05:59 PM

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এসআই অনুজ কুমার সরকার বুধবার ইমাম রহমান ও আসমাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন হেফাজতে রাখার আবেদন করেন।

সেই আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম নিভানা খায়ের জেসি দুই আসামির পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী দিলীপ কুমার সরকার রিমান্ডের বিরোধিতা করলেও তা নাকচ করে দেন বিচারক।

মঙ্গলবার ভোররাতে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারের খণ্ড খণ্ড গলিত লাশ উদ্ধার করে র‌্যাব।

পরে মসজিদের ইমাম রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলেও র‌্যাব জানিয়েছে। রহমানকে গ্রেপ্তারের পর রাতে আজহারের স্ত্রী আসমাকেও গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, আসমার সঙ্গে রহমানের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ ছিল আজহারের। তা নিয়ে তর্কাতর্কির জেরে গত ১৯ মে আজহারকে হত্যা করেন রহমান। পরে লাশ টুকরা টুকরা করে সেপটিক ট্যাংকে ভরে রাখেন।

রিমান্ড আবেদনে বলা হয়, পূর্ব পরিকল্পনা ও পরস্পর যোগসাজশে রহমান ও আসমা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মসজিদের সেপটিক ট্যাংকে লাশ: ইমামের পর নিহতের স্ত্রীও গ্রেপ্তার  

Image
গ্রেপ্তার ইমাম আব্দুর রহমান

গ্রেপ্তার ইমাম আব্দুর রহমান

দক্ষিণখানে ‘মাদ্রাসাতুল রাহমানিয়া আল আরাবিয়া‘ নামের মাদ্রাসার পাশেই সরদার বাড়ী জামে মসজিদ। এই মসজিদে ৩৩ বছর ধরে ইমামতি করে আসছিলেন মাওলানা আব্দুর রহমান। পাশাপাশি মাদ্রাসায় পড়াতেন তিনি।

মসজিদের কাছেই একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানকে নিয়ে থাকতেন আজহার। তার ছেলে ওই ইমামের কাছে আরবি শিখত। ফলে তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও গড়ে উঠেছিল।