২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে প্রতারণা: একজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

ফেসবুকে ভুয়া আইডি খুলে পাইলট পরিচয়ে এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ফিরোজ আলমকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2021, 08:26 PM

Updated : 07 Apr 2022, 11:05 PM

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

পুলিশের অপরাধ, তথ্য, প্রসিকিউশন বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের নারী সংবাদ উপস্থাপক তার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় মামলা করেন।

এই মামলায় সোমবার ভোরে ফিরোজকে রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন।

এই সময় তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়। তার ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক আইডির তথ্য পান সাইবার অপরাধ বিভাগের কর্মকর্তারা।

মামলার নথিপত্র থেকে জানা যায়, অভিযুক্ত ফিরোজ রসায়ন বিদ্যায় স্নাতক সম্পন্ন করলেও সাইবার প্রতারণায় দক্ষ।

‘ফারাবি ইসলাম শাওন’নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে নিজেকে পাইলট পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।

তাদের সঙ্গে ‘ঘনিষ্ঠ’ হয়ে পরে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিতেন।

বিবাহিত ও এক সন্তানের জনক হলেও অবিবাহিত সেজে নারীদের প্রেমের ফাঁদে ফেলতেন তিনি। একপর্যায়ে প্রতারণামূলকভাবে বিভিন্ন অজুহাত ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন ফিরোজ বলে মামলার তথ্যে বলা হয়েছে।