ফের রিমান্ডে ছাত্র অধিকার পরিষদের আখতার
ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী সোমবার ভার্চুয়াল আদালতে শুনানি করে রিমান্ড মঞ্জুর করেন।
আখতারকে গত ১৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স ভবনের আইন অনুষদের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেডিকেল থেকে ‘আসামি ছিনতাইয়ের’ মামলায় পরদিন তাকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।
সেই রিমান্ড শেষে ১৭ এপ্রিল থেকে কারাগারে ছিলেন আখতার। ২০ এপ্রিল ওই মামলায় ডিবি পুলিশের উপপরিদর্শক শাজাহান মিয়া আখতারকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান।
সোমবার শুনানি শেষে হাকিম রাজেশ চৌধুরী দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতায় গত ২৫ মার্চ মতিঝিলে মিছিল করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আবুল কালাম আজাদ নামে একজনকে আটক করে পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, পুলিশ তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা করেন পল্টন মডেল থানার এসআই রায়হান করিব। মামলায় ‘আসামি ছিনতাই’সহ পুলিশের ওপর ‘হামলা, মারধর ও হত্যাচেষ্টার’ পাশাপাশি বিস্ফোরক আইনেও অভিযোগ আনা হয়।
ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসনসহ ১১ জনকে মামলায় আসামি করা হয়েছে।
আরও পড়ুন
