২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: তাড়াশে লাশ দাফনে বাধার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

মৃত এক কোভিড-১৯ রোগীর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2021, 09:54 PM

Updated : 02 Aug 2022, 05:42 PM

মৃত ব্যক্তির স্বজনরা অভিযোগ করেছেন, ইউনিয়ন আওয়ামী লীগের ওই নেতার বাধার মুখে লাশ দাফনের জন্য তাদের প্রশাসনের সহায়তা নিতে হয়েছিল।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কথায়ও লাশ দাফনে জটিলতা সৃষ্টির বিষয়টি প্রকাশ পেয়েছে।

তবে তাড়াশের নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

নওগাঁ ইউনিয়নের মাটিয়ামালিপাড়া গ্রামে গত শুক্রবার মুকুল আহম্মেদ (৫০) এর লাশ দাফন নিয়ে সঙ্কট সৃষ্টি হয়েছিল।

স্বজনরা জানান, মুকুল গত মাসের শেষ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল তাকে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি করোনাভাইরাস সংক্রমণমুক্ত হলেও এরপর আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন লাইফসাপোর্টে থাকা অবস্থায় গত ২৩ এপ্রিল তিনি মারা যান।

মুকুল আহম্মেদের ভাগ্নিজামাই দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাসিব বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মারা যাওয়ার পরে প্রথমে মুকুলের মরদেহ তার কর্মস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে মরদেহ তার গ্রামের বাড়ি মাটিয়ামালিপাড়ায় মা-বাবা ভাই-বোনদের কবরের পাশে তাকে দাফনের সিদ্ধান্ত হয়।

পরিবারের সদস্য হিসেবে মরদেহের সঙ্গে তাড়াশে গিয়েছিলেন হাসিবও।

তিনি বলেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মরদেহ গ্রামে কবর দেওয়া ও দাফনে বাধা হয়ে দাঁড়ান। গ্রামবাসীকে উস্কে দিয়ে তিনি মসজিদে তালা দিয়ে রাখেন, যেন খাটিয়াসহ অন্যান্য জিনিস ব্যবহার করতে না পরে। এমনকি মরদেহ গ্রামে নিতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন। এ ঘটনায় আমরা অসহায় হয়ে পড়ি।

“পরে নিরূপায় হয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। প্রশাসনের হস্তক্ষেপে জানাজা ও দাফনের অনুমতি দিলেও মোফাজ্জল হোসেন গ্রামের মানুষদের জানাজা ও দাফনে অংশ নিতে নিষেধ করে দেন।”

মুকুল আহম্মেদের পরিবারের আরেক সদস্য জানান, প্রশাসনের সহযোগিতার লাশ দাফন করতে পারলেও তাদের কাউকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। গ্রামের ও প্রতিবেশীদের কাউকে জানাজায় অংশ নিতেও দেওয়া হয়নি।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন সাহেব আমাকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ফোন করেছিল। আমি উনাকে বলেছি, একজন নেতা হিসেবে লাশ দাফন করা আপনার নৈতিক দায়িত্ব। এর পরে উনি কী করেছেন,আমি জানি না। মনে হয় কোনো সমস্যা হয়নি।”

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনা নিয়ে মোফাজ্জল হোসেন সাহেবরা একটা ইনডিসিশানে ছিল। তবে ঝামেলার কিছু হয়নি। পরে আমরা বলেছি, সুন্দরভাবে দাফন করার জন্য এবং দাফন সম্পন্ন হয়েছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ নিয়ে গ্রামে একটু ঝামেলা হয়েছে। আমি নিজেও প্রশাসনের সঙ্গে কথা বলেছি বলেই তারা লাশ দাফন করতে পেরেছে।”

নিজে বাধা দেওয়া অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেন, “আমি তো বাধা দিইনি। আমি বাধা দিলে লাশ দাফন হলো কীভাবে?”