ঢাকার নিউ মার্কেট এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
করোনাভাইরাসের বিস্তার রোধের ‘লকডাউনের’ মধ্যে গণপরিবহন চালুর প্রথম দিনেই ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হলেন এক অটোরিকশা চালক।
বুধবার সকাল ৬টার দিকে নিউ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম গোলাম মোস্তফা (৬০)। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিউমার্কেট এলাকায় আজিমপুরগামী ঠিকানা পরিবহনের একটি বাস মোস্তফার অটোরিকশাকে ধাক্কা দিলে এটি উল্টে যায়।”
প্রতীকী ছবি
লালবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) মো. আসলাম বলেন, ঠিকানা বাসের চালক জালালকে (৩০) আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে।
মোস্তফা ঢাকার রামপুরা এলাকায় থাকতেন।
দুই দিন বন্ধ থাকার পর বুধবার থেকে সিটি কর্পোরেশনগুলোতে গণপরিবহন চলাচল শুরু হয়েছে।
আরও খবর
