২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবর

দেশের আটটি বিভাগীয় শহরে আগামী ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2021, 11:32 AM

Updated : 02 Aug 2022, 05:36 PM

সেই সঙ্গে এ বিসিএসের জন্য অনলাইনে আবেদন করার সময় আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আগে অনলাইনে আবেদন করার শেষ সময় ছিল ৩১ মার্চ। আর প্রিলিমিনারি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল ৬ অগাস্ট।

মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা যথাসময়ে সংবাদ মাধ্যমে এবং পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয় সেই বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন, সমবায়ে ২০ জন, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জন নিয়োগ পাবে ৪৩তম বিসিএসে।

পুরনো খবর:

৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ল দুই মাস
৪৩তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ৬ অগাস্ট
৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়াতে ইউজিসির চিঠি
 ৪২ ও ৪৩তম বি‌সিএ‌সের বিজ্ঞ‌প্তি প্রকাশ