অন্যায় দেখলে প্রতিবাদ কর: শিশুদের বললেন প্রধানমন্ত্রী
শিশু-কিশোরদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার পাশাপাশি ন্যায় ও সত্যের পথে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে (ভার্চুয়াল) এই আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী।
শিশু কিশোরদের উদ্দেশে তিনি বলেন, “সব সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা। তাহলে জীবনে বড় হতে পারবে। জীবনটাকে উন্নত করতে পারবে। বাবা-মা… তাদের মুখও উজ্জ্বল হবে।”
পড়ালেখা ও নৈতিক চর্চার মাধ্যমে নিজেদের ‘যোগ্য’ হিসেবে গড়ে তোলার জন্যও শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
“আমি ছোট্ট সোনামনি তোমাদের কাছে এটাই চাই, তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর কর, লেখাপড়া শেখ। সেই সাথে সাথে তোমাদের দরকার হচ্ছে নিয়ম শৃঙ্খলা মানা, অভিভাবকদের কথা শোনা, শিক্ষকদের কথা শোনা, শিক্ষকদের কথা মেনে চলা, এটা কিন্তু খুব দরকার।”
শিশুদের জীবনকে সুন্দর ও রঙিন করে গড়ে তুলতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ছোট শিশুদের জীবন আরও রঙিন, আরও সুন্দর, আরও সার্থক করে গড়ে তুলতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। আমি এটাই চাই, আজকের শিশুরা সুন্দরভাবে গড়ে উঠবে, জীবনটাকে সুন্দর করবে।”
করোনাভাইরাস মহামারীর স্কুল-কলেজে যেতে না পারায় শিশুরা যে কষ্টে আছে, সেটা উপলব্ধি করার কথাও শেখ হাসিনা বলেন।
তিনি বলেন, “তারপরও আমি বলব, তোমরা ছোট্ট সোনামনিরা, তোমরা ঘরে বসে পড়াশোনা কর এবং সেই সাথে খেলাধুলাও করবে। আমরা এটাই চাই যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এগুলো একান্তভাবে অপরিহার্য। তোমরাই তো ভবিষ্যৎ, তোমরাই এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
“করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে। স্কুল আমরা তখনই খুলে দেব। তোমরা স্কুলে যেতে পারবে। সেই সাথে সাথে খেলাধুলাও তোমরা করতে পারবে এবং এখনো করতে পার।”
নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৩-২০২৫ প্রণয়ন করেছে। শিশুর উপর কোনো রকম অত্যাচার-নির্যাতন যেন না হয়।
“আমরা আমাদের নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করেছি। আরও কঠিন শাস্তি যাতে হয়, তার ব্যবস্থা আমরা নিয়েছি।”
শিশুরা যেন মাদক-সন্ত্রাসে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবাইকে সর্তক থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, “সচেতনতা সৃষ্টি করা- জঙ্গিবাদ, সন্ত্রাসের প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা। মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা… এদিকে আপনারা যারা বয়স্ক আছেন, মুরুব্বিরা আছেন, অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন বা মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা আছেন, তাদের সবাইকে এবং জনগণের প্রতিনিধি যারা, সকলকে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। আমাদের শিশুদের জীবনটা সুন্দর হোক, আমরা সেটাই চাই।”
শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বিনামূল্যে বই, বৃত্তি, উপবৃত্তি, প্রতিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় তৈরি করাসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
শিশুদের প্রতি জাতির পিতা ভালোবাসার কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, “তিনি সব সময় এটাই ভাবতেন যে শিশুরাই তো ভবিষ্যৎ এবং শিশুদের তিনি এত ভালোবাসতেন বলেই আমরা জাতির পিতার জন্মদিনটাকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছি।
“অর্থাৎ শিশুরাও একটা গুরুত্ব পাবে, তাদের জন্য একটা দিবস থাকবে। সেই সময়ে সকলেই তাদের কথা চিন্তা করবে, তাদের ভালোমন্দ দেখবে। তাদের জন্য কাজ করবে।”
স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। কালক্রমে তার হাত ধরেই বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করে নেয় বাংলাদেশ।
বঙ্গবন্ধু সমাধিসৌধের পাবলিক প্লাজার বকুলতলা চত্বরে মহিলা ও শিশু বিয়ষক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসার সভাপতিত্বে এই শিশু-কিশোর সমাবেশ হয়।
