২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটি প্রকল্পের গার্ডার লঞ্চার ভেঙে চারজন আহত

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের একটি গার্ডার লঞ্চার ভেঙে দুই চীনা কর্মীসহ চারজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2021, 12:33 PM

Updated : 10 Oct 2022, 05:50 PM

রোববার সকাল সোয়া ১০টার দিকে বিমানবন্দর রেল স্টেশনের কাছে এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান।

এর আগে শনিবার গভীর রাতে উত্তরার আবদুল্লাহপুরে পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে, তবে সেখানে কেউ হতাহত হননি।

সকালের ঘটনার বর্ণনা দিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল বলেন বিমানবন্দর রেল স্টেশনের কাছে প্রকল্পের একটি গার্ডার স্থাপনের সময় লঞ্চার ভেঙে পড়লে চার কর্মী আহত হন।

আহতদের মধ্যে দুইজন চীনা নাগরিক জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে তিনজনকে এভারকেয়ার হাসপাতালে এবং একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল)  পাঠানো হয়েছে।

কেন এ দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ বিকট শব্দের পর তারা ধুলো উড়তে দেখেন। পরে বুঝতে পারেন যে নির্মাণাধীন প্রকল্পে দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আহতদের সবার অবস্থাই গুরুতর।  তাদের দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।”

বিআরটির প্রকল্প পরিচালক মো. লিয়াকত আলী জানান, শনিবার রাত আড়াইটার দিকে উত্তরা পলওয়েলের কাছে এ প্রকল্পের একটি পিয়ার ক্যাপ ধসে পড়ে।

“ঢালাই প্রায় ৯০শতাংশ শেষ হওয়ার পর সাপোর্ট দেওয়ার যে খুঁটিগুলো ছিল তার একটিতে কোনো কিছুর আঘাত লেগেছিল। সেই খুঁটি সরে যাওয়ায় সম্পূর্ণ ঢালাই ধসে পড়ে।”

ওই ঘটনায় কেউ হতাহত হননি জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, “ট্রাফিক ব্যবস্থার দুর্বলতার কারণে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধসে পড়া অংশগুলো সরিয়ে ফেলা হয়েছে। আগামীকাল ওই জায়গায় আবার ঢালাই হবে।”